একটা সময় প্রেম মানেই ছিল সাবধানে কথা বলা, মতভেদ ঢেকে রাখা। আর প্রথম দেখা হলে তো কথাই নেই, নিজেকে যতটা সম্ভব ‘পারফেক্ট’ দেখাতে হবেই। রাজনীতি, সমাজ বা জীবনের কঠিন প্রশ্নগুলো এড়িয়ে যাওয়াই ছিল নিরাপদ পথ। কিন্তু সময় বদলেছে। নতুন প্রজন্ম আর সেই ন্যাকা ন্যাকা প্রেমে বিশ্বাসী নয়। তারা চায় স্পষ্টতা। সত্য আর নিজের জায়গায় দৃঢ় থাকা মানুষ। সেই চাহিদা থেকেই ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এক নতুন ট্রেন্ড, হট-টেক ডেটিং।
হট-টেক ডেটিং বলতে এমন এক ধরনের সম্পর্কের ধরণকে বোঝায়, যেখানে মানুষ নিজের মতামত প্রকাশে পিছপা হন না। এখানে ‘হট-টেক’ মানে এমন মত, যা সবাই মেনে নেবে এমনটা নয়। রাজনীতি, সামাজিক মূল্যবোধ, লিঙ্গসমতা, বিয়ে বা সন্তান নেওয়া, ক্যারিয়ার কিংবা জীবনদর্শন, এই বিষয়গুলোতে পরিষ্কার অবস্থানই এখানে আকর্ষণের মূল।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন বলছে, প্রায় ৩৭ শতাংশ মানুষ এমন সঙ্গী চান, যার সঙ্গে তাদের মূল্যবোধের মিল রয়েছে। তবে চমকপ্রদ বিষয় হলো, প্রায় ৪৬ শতাংশ মানুষ ভিন্ন রাজনৈতিক বা আদর্শগত মতের কাউকে ডেট করতেও আপত্তি বোধ করেন না। এই পরিসংখ্যানই দেখিয়ে দেয়, হট-টেক ডেটিং মানে মতের মিলের পাশাপাশি মতভেদের সঙ্গেও স্বচ্ছন্দ থাকা। এই পরিসংখ্যানটি দিয়েছে ডেটিং অ্যাপ সংস্থা টিন্ডার।
এই ট্রেন্ডের মূল চালিকাশক্তি হলো অথেন্টিসিটির চাহিদা। দীর্ঘদিনের ফিল্টার দেওয়া ছবি, সাজানো জীবন আর নিখুঁত প্রোফাইল মানুষকে ক্লান্ত করে তুলেছে। অনেকেই এখন এমন সঙ্গী চান, যিনি বাস্তব, স্পষ্টভাষী এবং নিজের বিশ্বাসে অবিচল। ভান করা ভদ্রতার চেয়ে সৎ মতামতই এখন বেশি আকর্ষণীয় হয়ে উঠছে।
মহামারি-পরবর্তী সময়েও এই প্রবণতা জোরদার হয়েছে। জীবন, সম্পর্ক আর ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শিখেছে মানুষ। শুধু শখ বা পছন্দের মিল নয়, দীর্ঘমেয়াদে সম্পর্কে টিকে থাকার জন্য মূল্যবোধ আর দৃষ্টিভঙ্গির গুরুত্ব যে অনেক বেশি, সেটা এখন অনেকেই বুঝতে পারছেন।
এখানে ডেটিং অ্যাপের ভূমিকাও কম নয়। হাজারো প্রোফাইলের ভিড়ে আলাদা করে নজর কাড়তে অনেকেই নিজের মতামতকেই পরিচয়ের অংশ করে তুলছেন। এতে মিল হলে শুরু থেকেই গভীর বোঝাপড়া তৈরি হয়, আর অমিল থাকলে তা দ্রুত পরিষ্কার হয়ে যায়। সময় নষ্ট কম, প্রত্যাশাও বাস্তবসম্মত।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভিন্নমত গ্রহণের মানসিকতা। হট-টেক ডেটিংয়ে সবাই একমত হবে, এমনটা নয়। বরং মতের অমিল থাকলেও পারস্পরিক সম্মান আর খোলামেলা আলোচনার সুযোগ থাকলে সম্পর্ক আরও গভীর হতে পারে। এই বিশ্বাস থেকেই এই ট্রেন্ডের উত্থান। এখানে বিতর্ক বিভাজনের জন্য নয়, বোঝাপড়ার জন্য।
নিরাপদ আর সাজানো প্রেমের জায়গা থেকে সরে এসে নতুন প্রজন্ম এখন বাস্তব, স্পষ্ট আর সাহসী সম্পর্ককেই বেছে নিচ্ছে। তাই বলা যায়, ন্যাকা ন্যাকা প্রেমের দিন সত্যিই ফুরোচ্ছে। জায়গা নিচ্ছে হট-টেক ডেটিং। যেখানে মুখোশ নয়, মানুষটা যেমন, ঠিক তেমনটাই সামনে আসে।



