দুই মাসে জনগণের আস্থা ও বিশ্বাসই সরকারের অর্জন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, গুজবের বিপরীতে সঠিক তথ্য প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত ব্রিফিংয়ে মাহদী আমিন বলেন, সরকার গঠনের পর থেকেই দেশে-বিদেশে সমাদৃত হয়েছে বিএনপি সরকার।
গুম-খুনের শিকার হওয়া দল হিসেবে বিএনপি মানবাধিকার ও গুম অধ্যাদেশ সংবেদনশীলতার সাথে পর্যালোচনা করছে বলেও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।
তিনি বলেন, কর্মসংস্থানে বন্ধ কারখানা চালু ও বিদেশে নতুন শ্রম বাজার তৈরির কাজ করছে সরকার। আবারও মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য খোলার বিষয়ে সরকার তৎপর বলেও জানান মাহদী আমিন। তিনি জানান, চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর উদ্যোগ নিয়েছে।
সররকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও এর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সংবাদ সম্মেলনে সরকারের দুইমাসের ষাটটি পদক্ষেপ সাংবাদিকদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, প্রবাসী কার্ডসহ সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।


