ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদনদীর পানি বাড়ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও হাওরাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
সুনামগঞ্জ, মৌলভীবাজার, শেরপুরে রাত থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। বেড়েছে পাহাড়ি ঢল। অন্য অনেক জেলাতেও ভারী বৃষ্টি হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ৩ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলগুলোতে সাময়িক বন্যার আশঙ্কা রয়েছে।
মৌলভীবাজারে সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৈরী আবহাওয়া অব্যাহত থাকায় হাওরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে বন্যার শঙ্কা। তবে এখনো সব নদনদী বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বোলে জানিয়েছে পাউবো।
শেরপুরেও গতরাত থেকে বৃষ্টি চলতে থাকায় বাড়ছে নদনদীর পানি। নীলফামারীতে টানা বৃষ্টিতে নদীতীরের নিম্নাঞ্চল তলিয়ে ক্ষতির মুখে আমনের বীজতলা।



