৩৫ বছর পর সরাসরি ভোটে হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদ ভবনে ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য। বিশ্লেষকদের মতে, প্রতিদ্বন্দ্বিতার এই নির্বাচন রাজনীতিতে ইতিবাচক পরির্বতন আনবে। শুক্রবার শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ কক্ষে ভোট দেবেন এমপিরা। ব্যালটে নাম ও স্বাক্ষর দেবেন তারা। ত্রয়োদশ সংসদে সংরক্ষিত নারীসহ বিএনপির এমপি ২৪৭ জন, জামায়াতের ৭৬ জনসহ বিরোধীজোটের ৯০ এমপি, স্বতন্ত্র ও অন্যান্য দলের ১২ জন। তাদের প্রকাশ্য ভোটে নির্বাচিত হবেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি।
এবার রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী জোটের প্রার্থী অলি আহমেদ। প্রতিদ্বন্দ্বী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনকে ইতিবাচক বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
৩৫ বছর পর হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনের ভোট নিয়ে সব মহলেই কৌতূহল রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালটের রং হবে সাদা-কালো। নির্বাচনের কাজে কমিশনের ২০ জন সহায়ক কর্মকর্তা থাকবেন। ভোট শেষেই প্রাথমিক ফলাফল ঘোষণা ও গেজেট প্রকাশ করবে ইসি।



