আগামীকাল বহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফর ঘিরে পরশুরাম ও ফুলগাজীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফর কেন্দ্র করে নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে উচ্ছ্বাস।
প্রধানমন্ত্রী তারকের রহমানের সফর ঘিরে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে চলছে মঞ্চ তৈরি, সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধন।
বৃহস্পতিবার পরশুরামের মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এতে দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার সমস্যা সমাধানের পথ তৈরি হবে বলে আশা স্থানীয় সংসদ সদস্যের। আর স্থানীদের প্রত্যাশা, নির্ধারিত সময়েই শেষ হবে প্রকল্পের কাজ।
স্থানীয় যুবক বলেন, ‘আমরা চাই উনি আমাদের এইখানে এসে আমাদের সমস্যাগুলো দেখুক এবং এগুলো সমাধান করুক।’
আরেক যুবক বলেন, ‘যে প্রকল্পগুলো প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন সেগুলোতে যেন কোনো অনিয়ম, দুর্নীতি না হয়–এই প্রত্যাশা করি।’
ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু বলেন, ‘তিনি বাধ নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এরপর বক্তব্য দিয়ে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে যাবেন এবং সেখানে বৃক্ষরোপণ করবেন। এই এলাকার মানুষের যে প্রত্যাশা তা ১ তারিখের উদ্বোধনের মাধ্যমে তা পূরণ হবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নির্বিঘ্ন করতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ফেনী জেলা প্রশাসক মাহবুবউল করিম বলেন, ‘সীমান্তবর্তী চারটি এলাকা রয়েছে ১০২ কিলোমিটার। সেখানে আমাদের প্রায় ৯ প্লাটুন বিজিবি নিযুক্ত থাকবে। এ ছাড়া অন্যান্য বাহিনীর সদস্যরা ১ তারিখের প্রোগ্রামের জন্য প্রস্তুত রয়েছে।’
পরশুরাম থেকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কমর্সূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ করবেন ফ্যামিলি ও কৃষক কার্ড। একই মাঠে একটি জনসভায় অংশ নেবেন সরকার প্রধান।


