এখনই সৌদি আরবে সেনা পাঠানোর উদ্যোগ নেই ঢাকার। তবে মক্কা-মদিনা আক্রান্ত হলে পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি সংকট হলে তার প্রভাব শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই পড়বে। দুপুরে রাজধানীতে এক সেমিনার শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
সৌদি আরবের বিভিন্ন গ্যাস প্ল্যান্ট ও তেল স্থাপনা এবং রিয়াদের কিং খালিদ ও দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা চালিয়েছে হুতিরা।
এ পরিস্থিতির মধ্যেই, রিয়াদে আন্তর্জাতিক জ্বালানি ফোরামে অংশ নিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জ্বালানি নিরাপত্তায় সৌদির সহযোগিতা চেয়েছেন তিনি। তবে উত্তেজনার মধ্যে সৌদি কতটা সহায়তা দিতে পারবে তা নিয়ে রয়েছে উদ্বেগ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব এখনও জ্বালানি আমদানির ওপর পড়েনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের জ্বালানি সহায়তার যে বিষয় আছে সেটা নিয়ে উনি কথা বলেছেন। আমাদের জ্বালানি মন্ত্রণালয় যে পরিকল্পনা নিয়েছেন তাতে কোনো সমস্যা হবে না। আই যুদ্ধের কারণে যদি কোনো সমস্যা হয়–ই, সেটা তো শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বই এই সমস্যার শিকার হবে। সেটা তখন আমরা অ্যাড্রেস করব।’
মক্কা প্যাক্টে যুক্ত হবার আগ্রহ থেকে সৌদি আরবে সেনা পাঠানোর পরিকল্পনা আছে কি না– এমন প্রশ্নে তিনি বলেন, এ নিয়ে আলোচনার প্রেক্ষাপট এখনও তৈরি হয়নি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘আমরা মক্কা প্যাক্টে এখনো যোগ দেইনি। সে কারণে এই মুহূর্তে সৈন্য পাঠানোর প্রশ্ন আসে না। কিন্তু মক্কা–মদিনার ওপর এমন কোনো হামলার আশঙ্কা তৈরি হলে সেটা মোকাবিলায় আমরা বাংলাদেশি মুসলমানরা বসে থাকব না। আমরা অবশ্যই তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেব।’
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দিল্লির রাজনৈতিক অস্থিরতা নিয়ে কোন মত দেবে না ঢাকা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের এখানে কোনো মূল্যায়ন আপাতত নাই। এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়, সেটা ভারতই ফেস করবে।’
এর আগে, বিআইআইএসএসের সেমিনারে শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে প্রবাসী আয় কমায় বিকল্প বাজার খোঁজা হচ্ছে।


