জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১১:৫৫ পিএম

একাত্তরের মুক্তিযুদ্ধে ভূমিকা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ক্ষমা প্রার্থনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পুরোনো প্রশ্নে: জামায়াত কি সত্যিই ক্ষমা চেয়েছে? আর যদি চেয়েও থাকে, তা কি দলগতভাবে স্বীকৃত এবং জাতির কাছে গ্রহণযোগ্য কোনো পর্যায়ে পৌঁছেছে?

বুধবার (২২ অক্টোবর ২০২৫) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত আমির বলেন, ‘১৯৪৭ থেকে শুরু করে ২০২৫ সালের আজ পর্যন্ত জামায়াতের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে তাদের কাছে ক্ষমা চাই।’

তিনি আরও যোগ করেন, ‘এই এপোলজি আমরা মিনিমাম তিনবার দিয়েছি; গোলাম আজম দিয়েছেন, মতিউর রহমান দিয়েছেন এবং আমি দিয়েছি।’

ইতিহাস ঘেঁটে দেখা যায়, ‘ক্ষমা প্রার্থনা’ নিয়ে জামায়াতের শীর্ষ পর্যায়ে বরাবরই ভাষার ভিন্ন ব্যবহার ও অবস্থানের অস্পষ্টতা ছিল।

অধ্যাপক গোলাম আযমের ‘ভুলের স্বীকারোক্তি’
১৯৯৪ সালে সুপ্রিম কোর্ট অধ্যাপক গোলাম আযমের নাগরিকত্ব বৈধ ঘোষণা করার পর তিনি বলেন, ‘অতীতে হয়তো আমি কিছু ভুল করেছিলাম, তার জন্য আমি দুঃখিত।’

গোলাম আযম। ছবি: সংগৃহীত

এই বক্তব্যটিকে অনেকেই ব্যক্তিগত অনুশোচনা হিসেবে দেখেছেন, কিন্তু দলীয় আনুষ্ঠানিক ক্ষমা নয়। তৎকালীন সংবাদ বিশ্লেষণগুলোতেও গোলাম আযমের বক্তব্যকে ‘conditional apology’ বা ‘moral regret’ হিসেবে উল্লেখ করা হয়। অর্থাৎ তিনি নির্দিষ্ট কোনো অপরাধ নয়, বরং ‘ভুল সিদ্ধান্তের’ দায় স্বীকার করেছিলেন।

মাওলানা মতিউর রহমান নিজামীর ‘অপরাধ অস্বীকার’
‘আমি তাদেরকে বলেছি, আমি কোনো অন্যায় করিনি, ক্ষমা চাওয়ার অর্থই হলো দোষ স্বীকার করে নেওয়া, সুতরাং ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।’

মাওলানা মতিউর রহমান নিজামীর এই বক্তব্যটি ফেসবুক পোস্ট করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। মতিউর রহমান নিজামী এ বক্তব্যে পরোক্ষভাবে রাজনৈতিক অবস্থান পুনর্বিবেচনা করলেও ‘অপরাধ স্বীকার’ করেননি।

একান্ত সাক্ষাৎকারে মতিউর রহমান নিজামী তাঁর বাসায় আমাকে বলেছিলেন, ‘৭১-এ পাকিস্তান ভেঙে যাক জামায়াত তা চায়নি। ভারতের হস্তক্ষেপে পাকিস্তানের বিভক্তি আমরা চাইনি। কিন্তু স্বাধীনতার পর বুঝতে পেরেছি, আমাদের রাজনৈতিক অবস্থান ভুল ছিল। রাজনৈতিক ভুল সিদ্ধান্তের জন্য যদি বিচার বা শাস্তি হয়, তাতে আপত্তি নেই। তবে, হত্যা বা ধর্ষণের মতো ফৌজদারি অপরাধ করেনি।’

মতিউর রহমান নিজামী। ছবি: সংগৃহীত

এছাড়াও মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে মতিউর রহমান নিজামী বলেন, ‘আমার মাঝে কোনো দুর্বলতা নেই। আমি কোনো অন্যায় করিনি। আমি স্পষ্ট ভাষায় ঘোষণা করছি প্রাণের মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আর কারো কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।’ তাঁকে উদ্ধৃত করে তার পরিবারের দেওয়া এ বক্তব্য জামায়াতের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

অর্থাৎ মতিউর রহমান নিজামীর দৃষ্টিতে ‘রাজনৈতিক ভুল’ হলেও ‘যুদ্ধাপরাধের মতো’ কোনো ঘটনা তারা ঘটাননি বলে তা স্বীকারযোগ্য নয়। এই অবস্থান দলটির মূল রাজনৈতিক যুক্তিকেই বহন করে। আর তা হলো ৭১-এ তাদের অবস্থান ছিল ‘রাজনৈতিক’, ‘অপরাধমূলক’ নয়।

বিচার-বিশ্লেষণে দেখা যায়, জামায়াতের সাবেক দুই আমিরই তাঁদের বক্তব্যে স্বীকার করেছেন—ভুল হয়েছিল। কিন্তু তাঁরা কেউ সরাসরি ‘ক্ষমা প্রার্থনা’ করেননি। তাঁদের কাছে মুক্তিযুদ্ধে জামায়াতের অবস্থান রাজনৈতিক বা কৌশলগত ভুল ছিল, যা অপরাধ নয়।

ডা. শফিকুর রহমানের ভিন্ন ভাষা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যে প্রথমবারের মতো ‘১৯৪৭ থেকে ২০২৫’ পর্যন্ত সময়সীমা টেনে নিয়ে একটি দীর্ঘকালীন নৈতিক দায় স্বীকার দেখা যায়। তাঁর ভাষায়, ‘আমাদের ১০০টা সিদ্ধান্তের মধ্যে ৯৯টা সঠিক, একটা বেঠিক হতে পারে। এখন আমরা বিনা শর্তে মাফ চাইলাম, তারপরে আর বাকি থাকল কোনটা?’

এই অংশে একদিকে নৈতিক অনুশোচনা, অন্যদিকে দলীয় আত্মবিশ্বাস দুটোই একসঙ্গে উপস্থিত।

শফিকুর রহমান। ফাইল ছবি

ডা. শফিকুর রহমানের বক্তব্য সেই জায়গায় এসে ভিন্ন অর্থ বহন করছে, যেখানে তিনি শুধু ‘ভুল’ নয়, ‘কষ্ট’ শব্দটি উচ্চারণ করেছেন। বলেছেন, ‘১৯৪৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত জামায়াতের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতি হয়ে থাকলে আমি ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে বিনা শর্তে ক্ষমা চাই।’ যা নৈতিক দায়ের পাশাপাশি রাজনৈতিক দায়কেও স্বীকার করার ইঙ্গিত দেয়।

জামায়াতের দলীয় ইতিহাসে ডা. শফিকুর রহমানের বক্তব্যটি হয়তো সবচেয়ে স্পষ্ট ‘বিনা শর্ত ক্ষমা প্রার্থনা’, তবুও এর গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক থেকেই যায়। যা তিনি তাঁর বক্তব্যেও তুলে ধরেছেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘এখন মাফ চাওয়ার পর বলে, এই ল্যাঙ্গুয়েজে (ভাষা) চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। আরেহ বাবা... এ আরেক যন্ত্রণা। বিনাশর্তে মাফ চাইলাম, কোনো শর্তও দিলাম না। তারপরে আর বাকি থাকলো কোনটা, এইটা তো বুঝি না। আজকে আবার একদম প্রকাশ্যে বলে দিলাম— ৪৭ থেকে শুরু করে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাফ চাই। এটা গোটা জাতি হলেও চাই, ব্যক্তি হলেও চাই। কোনো অসুবিধা নেই।’ 

‘ক্ষমা’ নিয়ে দলে বিভাজন
জামায়াতের ভেতরে ‘আনুষ্ঠানিক ক্ষমা’ নিয়ে আলোচনাও নতুন নয়। ২০১৭ সালে দলীয় একটি প্যানেল গঠিত হয়েছিল এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি তৈরির জন্য, কিন্তু পরবর্তী সময়ে তা স্থগিত বা বাতিল হয়। অর্থাৎ দলগতভাবে গৃহীত কোনো ক্ষমা বিবৃতি আজও প্রকাশিত হয়নি।

জামায়াতের তিন আমির– গোলাম আযম, মাওলানা মতিউর রহমান নিজামী ও ডা. শফিকুর রহমান প্রত্যেকে কোনো না কোনোভাবে ‘ভুল’, ‘ভুল সিদ্ধান্ত’ বা ‘কষ্ট দেওয়ার দায়’ স্বীকার করেছেন। কিন্তু ভাষার সূক্ষ্ম পার্থক্যে তারা তিনটি ভিন্ন পরিসরে দাঁড়ান:

গোলাম আযম – ‘ভুল হয়েছিল, তার জন্য দুঃখিত।’
নিজামী – ‘রাজনৈতিক ভুল হতে পারে, অপরাধ নয়।’
শফিকুর রহমান – ‘বিনা শর্তে ক্ষমা চাই।’

অর্থাৎ সাবেক দুই আমির ভুল স্বীকার করেছেন, কিন্তু অন্যায় মানেননি। বর্তমান আমির প্রথমবারের মতো অন্যায়ের মতো কিছু স্বীকার করে ক্ষমা চেয়েছেন।

অর্থাৎ জামায়াতের ক্ষমা এখনো ব্যক্তিগত বিবৃতি ও রাজনৈতিক অবস্থানের মাঝামাঝি এক ধূসর এলাকায় আটকে আছে। জাতি হয়তো সেই ধূসরতারই ব্যাখ্যা খুঁজে ফিরছে আজও।

লেখক: ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক

[এই মতামত লেখকের নিজস্ব। এর সঙ্গে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রাতিষ্ঠানিক সম্পাদকীয় নীতিমালার কোনো সম্পর্ক নেই।]

বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হয়ে প্রায় দুই বছর ভারতে অবস্থানের পর দেশে ফিরে তাঁর আত্মসমর্পণের...
চীনের সাম্প্রতিক বাংলাদেশ–সম্পৃক্ততা নতুন অর্থনৈতিক সম্ভাবনা, পরিবর্তনশীল আঞ্চলিক ভূরাজনীতি এবং কৌশলগত ভারসাম্যের প্রয়োজনীয়তাকে সামনে এনেছে। দ্বিপাক্ষিক কূটনীতির সীমা ছাড়িয়ে এক গুরুত্বপূর্ণ সফর ছিল...
প্রতিশ্রুতি আছে, পরিকল্পনা নেই— বাস্তবায়ন তো দূরের কথা! জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের প্রায় সব রাজনৈতিক দলই তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান,...
দলটির ইতিহাসে প্রথমবারের মতো আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে একজন অমুসলিম প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহলের...
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেব যশোরের স্থানীয় দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার এবং স্যাটেলাইট চ্যানেল গ্রিন টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি সাকিন হোসেন। 
ফুটবল বিশ্বকাপ ২০২৬ শেষের পথে। ৪৮ দলের এই টুর্নামেন্টে ১০৪ ম্যাচের ১০২টি ইতোমধ্যেই অতিবাহিত হয়েছে। বাকি কেবল ২টি ম্যাচ- ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী। ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন...
২০২৬-২৭ অর্থ বছরে ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সড়ক অবকাঠামোতে বরাদ্দ রাখা হয়েছে সবচেয়ে বেশি, এক হাজার ৩৬৬ কোটি টাকা। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্দ...
প্রেম ও বিয়ে নিয়ে দীর্ঘদিন নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের ১৫ জুলাই গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে বিবাহবন্ধনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর