বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একটি রাজনৈতিক দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে—নাউজুবিল্লাহ। কোনো নির্দিষ্ট মার্কায় ভোট দিলে কি কেউ বেহেশতে যেতে পারে? দেশের প্রখ্যাত আলেম সমাজ এসব অপপ্রচার প্রত্যাখ্যান করেছেন। বারুনবাগী সাহেব জামায়াতে ইসলামিকে ভোট দেওয়া নাজায়েজ বলেছেন এবং চরমোনাইয়ের পীর জামায়াতে ইসলামীকে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন।’
সোমবার বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজী বাজারে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘এমন একটি দলকে ভোট দিয়ে আমরা আমাদের ঈমান নষ্ট করতে পারি না। তাই আমি মা-বোন ও ভাইদের প্রতি আহ্বান জানাই—কেউ বিভ্রান্ত হবেন না।’
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আহ্বান জানান।
এ সময় মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে ইমাম-মুয়াজ্জিনদের সরকারি বেতন এবং মন্দিরের পুরোহিতদের ভাতা প্রদান করা হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে এবং সবার স্বাধীনতা নিশ্চিত করা হবে। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হবে। নতুন কলকারখানা গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।’
তিনি আরও বলেন, ‘আমি যদি নির্বাচিত হই, তাহলে সবার আগে মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করব। আমার সনাতনী ভাইদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করব। কৃষকদের কৃষিসংক্রান্ত সমস্যার সমাধান করব।’
পথসভায় জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দবিরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



