দুর্নীতিতে জড়িতরাই দেশকে নেতৃত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করে বলেন, এই সরকার হাওয়া ভবনের কিচেন কেবিনেট দিয়ে দেশ চালাচ্ছে।
আজ বুধবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘জাতীয় অর্থনীতিতে চামড়া শিল্পের ভবিষ্যত’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যারা দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত তারাই দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তাদের থেকে জনগণ কিছু আশা করে না। সীমান্তে লোক মারা যাচ্ছে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিবাদ না জানিয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে মনে করি। আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হওয়ায়, প্রধানমন্ত্রীকেই সেই দায়িত্ব নেওয়ার আহবান জানাই।
এদিকে সরকার দেশের গবাদি পশুর শিল্প ধ্বংস করে পশুর অবৈধ প্রবেশের জন্য সীমান্ত খুলে রেখেছে বলে অভিযোগ করেন তিনি। নদী রক্ষা না করে খাল কাটার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা।
আলোচনা সভায় দলটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার বলেন, ‘চামড়াকে শিল্প হয়ে উঠতে না দেওয়ার পেছনে ষড়যন্ত্র রয়েছে। খুলনা ও যশোর দিয়ে চামড়া পাচার হয়ে যাচ্ছে। ভারতপন্থী ব্যবসায়ীরা এর সঙ্গে জড়িত। পাটের মতো চামড়া শিল্পকে ধ্বংস করা হয়েছে। এদিকে পশুর হাটগুলো দলীয় লোকদের ইজারা দিয়ে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।
এ সময় চামড়া শিল্প রক্ষায় সিন্ডিকেট উৎখাত ও আন্তর্জাতিক বাজার তৈরি সহ ৫ দফা দাবি তুলে ধরেন ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ মাহাদি।



