স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ডিসেম্বরে আমাদের পতনের কথা বলে আর দিল্লীতে বসে ফ্যাসিস্টের দোসররাও দেখে নেওয়ার কথা বলে।’ রোববার বিকেল সাড়ে ৪টায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক সভায় তিনি এ মন্তব্য করেন।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে তৃণমূল নেতাকর্মীদের করণীয় নির্ধারণে মানিকগঞ্জে মতবিনিময় সভা আয়োজন করে জেলা বিএনপি।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি। তিনি বলেন, ‘একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সজাগ থেকে জনগণকে সাথে নিয়ে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দলের ভেতরে ঐক্য ধরে রেখে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে সকল অপচেষ্টা মোকাবিলা করতে হবে এবং সাধারণ মানুষের পাশে থাকতে হবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে মানিকগঞ্জ-১ আসনের এমপি এস.এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের এমপি মঈনুল ইসলাম খান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাড. জামিলুর রশিদ খান বক্তব্য রাখেন।
জেলা বিএনপির আহ্বায়ক সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে সভায় জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরপর জেলা শহরে এক বিশাল মিছিল করেন নেতাকর্মীরা।



