নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়ানডে ফরম্যাটের এই সিরিজের দলে সাকিব আল হাসানের জায়গা না হলেও সামনের সিরিজগুলোতে দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে। তবে সেক্ষেত্রে প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, সাকিবের ফিরতে হলে শর্ত পূরণ করেই ফিরতে হবে।
সাকিবের বিরুদ্ধে মামলার নিষ্পত্তি এখনো হয়নি, তবে সেই মামলার নিষ্পত্তি হলেও জাতীয় দলে এই অলরাউন্ডারের খেলতে হলে আরেকটি শর্ত পেরিয়ে আসতে হবে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণার সময় সাকিবের ফেরা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।
সাকিবের জাতীয় দলে ফেরার শর্ত নিয়ে বাশার বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দের কাছে অনেক কিছু ডিমান্ড করে। তাই এখানে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। সে (সাকিব) যদি রেডি থাকে এবং লম্বা সময়ের জন্য খেলতে চায়, তবে আমরা অবশ্যই তাকে বিবেচনায় রাখব।’
সাকিবের সঙ্গে কথা হয়েছে কিনা তাও স্পষ্ট করেছেন প্রধান নির্বাচক। এই ব্যাপারে হাবিবুল বাশার বলেন ‘আমার সাথে একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কিনা, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে, তবে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও ও ক্রিকেট খেলছে। এসব নিয়েই বেশি কথা বলেছি।’
আগামী ১৭ এপ্রিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর দুদল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। গত মাসে পাকিস্তানের বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজের দলই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে।



