ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে আলেহান্দ্রো গারনাচো শেষবার খেলেছেন সর্বশেষ ইউরোপা লিগের ফাইনালে। টটেনহামের বিপক্ষে ওই ম্যাচে আর্জেন্টাইন উইঙ্গারকে শুরুর একাদশে রাখেননি রুবেন আমোরিম। কোচের এ সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় প্রকাশ্যেই আমোরিমের সমালোচনা করেছিলেন গারনাচো।
আর্জেন্টাইন তারকার সঙ্গে পর্তুগিজ কোচের সম্পর্কের তিক্ততার বিষয়টি তাতে সামনে চলে আসে। গণমাধ্যমে খবর অনুযায়ী, গারনাচোকে নতুন ক্লাব খোঁজার কথাও বলেছেন আমোরিম। চলতি মৌসুমে আর্জেন্টাইন ২১ বছর বয়সী লেফট উইঙ্গারকে কোনো ম্যাচে খেলাননি পর্তুগিজ কোচ। গারনাচোর ক্লাব ছাড়ার গুঞ্জন তাতে আরও পোক্ত হয়ে ওঠে।
ব্যাপারটা এখন আর গুঞ্জন নয়, আর্জেন্টাইন তারকা ম্যান ইউনাইটেড ছেড়ে চেলসিতে যোগ দিচ্ছেন। দুই ক্লাবের মধ্যে এরই মধ্যে চুক্তির শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ইএসপিএন, বিবিসিসহ একাধিক সংবাদমাধ্যম। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গত জানুয়ারিতে চেলসিতে যেতে আগ্রহ প্রকাশ করেছিলেন গারনাচো। সে সময় আর্জেন্টাইন উইঙ্গারের জন্য ৬ কোটি পাউন্ড (৯৮৫ কোটি টাকা) চেয়েছিল ইউনাইটেড। চুক্তিটি আর আলোর মুখ দেখেনি তখন।
সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এবার গারনাচোকে কিনতে প্রাথমিকভাবে ২ কোটি ৫০ লাখ পাউন্ডের (৪১০ কোটি ৫১ লাখ টাকা) প্রস্তাব দিয়েছিল চেলসি। তবে শেষ পর্যন্ত আর্জেন্টাইন তারকাকে পেতে ৪ কোটি পাউন্ড (৬৫৬ কোটি ৮১ লাখ টাকা) খরচ করতে হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন। সেখানেই শেষ নয়, সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ভবিষ্যতে গারনাচোকে বিক্রি করা হলে সেই চুক্তির ১০ শতাংশ পাবে ইউনাইটেড।
ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আজ শুক্রবার লন্ডনে মেডিকেল পরীক্ষা হবে গারনাচোর। এরপরই নতুন ক্লাবের চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি। চেলসির সঙ্গে গারনাচোর চুক্তি হতে যাচ্ছে ২০৩২ সাল পর্যন্ত।
গারনাচোকে যে আমোরিম আর দলে চান না, সেটা বুঝিয়ে দিয়েছেন প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচগুলোতেই। সেখানে ইউনাইটেডের স্কোয়াডে ছিলেন না গারনাচো। এমনকি পরবর্তীতে মূল দলের সঙ্গেও আর অনুশীলন করেননি আর্জেন্টাইন তারকা। তিনি অনুশীলন করেছেন ক্লাবের তথাকথিত ‘বোম্ব স্কোয়াডের’ সদস্য ডেজন সানচো, অ্যান্থনি, তাইরেল মালাসিয়াদের সঙ্গে।
ক্লাবের একাডেমি থেকে উঠা আসা গারনাচো ইউনাইটেডের জার্সিতে ১৪৪ ম্যাচে ২৬ গোল করেছেন। এর মধ্যে ২০২৪ এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গারনাচোর গোলটি উল্লেখযোগ্য। এছাড়া ২০২২ সালে ইউনাইটেডের এফএ ইয়ুথ কাপ জয়ী দলের অংশ ছিলেন তিনি। ওই মৌসুমে ক্লাবের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন গারনাচো।



