শঙ্কার কথাটা গত বৃহস্পতিবারই জানিয়েছিল ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল। এক প্রতিবেদনে গোল জানায়, স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার বিপক্ষে হারলেই রেয়াল মাদ্রিদে কোচের চেয়ার আর বাঁচাতে পারবেন না শাবি আলোনসো।
সেই শঙ্কাই সত্যি হয়েছে। সৌদি আরবের জেদ্দায় গত রোববার শ্বাসরুদ্ধকর ফাইনালে ৩-২ ব্যবধানে হেরেছে মাদ্রিদ। এর ২৪ ঘণ্টা পেরোনোর আগেই আলোনসোকে ‘ছাঁটাই করেছে’ ইউরোপের সফলতম ক্লাবটি। গতকাল সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মাদ্রিদ।
অবশ্য মাদ্রিদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে’ আলোনসোর সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছে মাদ্রিদ। এতে মাদ্রিদের ডাগআউটে শাবি অধ্যায় থেমে গেল ৭ মাসেই। আর আলোনসোর জায়গায় নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন আরেক 'ঘরের ছেলে' আলভারো আরবেলোয়া।
মাদ্রিদের বিবৃতিতে বলা হয়েছে, ‘রেয়াল মাদ্রিদ জানাচ্ছে যে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মূল দলের কোচ হিসেবে শাবি আলোনসোর অধ্যায় এখানেই শেষ।’ এর কিছু সময় পর আরেকটি বিবৃতিতে আরবেলোয়াকে মূল দলের নতুন কোচ হিসেবে ঘোষণা দেয় মাদ্রিদ।
কার্লো আনচেলত্তি চলে যাওয়ার গত জুনে রেয়াল মাদ্রিদের দায়িত্ব নেন আলোনসো। তখন স্প্যানিশ এ তরুণ কোচকে নিয়ে মাদ্রিদ সমর্থকদের উচ্ছ্বাসের কমতি ছিল না। অবশ্য মাদ্রিদে যোগ দেওয়ার আগে বুন্দেসলিগার ক্লাব লেভারকুসেনকে নিয়ে যে ইতিহাস গড়েছেন আলোনসো, তাতে মাদ্রিদ সমর্থকদের উচ্ছ্বসিত হওয়াই স্বাভাবিক ছিল।
কিন্তু মাদ্রিদে গিয়ে মুদ্রার উল্টো পিঠ দেখতে থাকেন আলোনসো। গত কয়েকমাস ধরেই আলোনসোর ওপর চাপ বাড়ছিল। নভেম্বরে গিয়ে সেই চাপের পরিমাণ আরও বেড়ে যায়। ঐ সময়টাতে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচে মোটে দুটিতে জিতেছিল মাদ্রিদ। সেই সময়ই আলোনসোর চেয়ার যায় যায় অবস্থা। তারকা খেলোয়াড়েরা তাঁর ট্যাকটিকস নিয়ে কড়াকড়িতে রাজি ছিলেন না বলেও শোনা যায়। তবে মাঝে মাদ্রিদের পারফরম্যান্সে কিছুটা উন্নতি হলে আলোনসোর ওপর ‘আস্থা’র মেয়াদ বর্ধিত করে মাদ্রিদ বোর্ড।
কিন্তু গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে মৌসুমের প্রথম শিরোপা হাতছাড়া করার পর সেই আস্থার বাঁধ ভেঙে যায় মাদ্রিদের। এতে আলোনসোকে ‘ছাঁটাই’য়ের সিদ্ধান্ত নেয় মাদ্রিদ।
মাদ্রিদের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘শাবি আলোনসো সবসময়ই মাদ্রিদ সমর্থকদের ভালোবাসা ও শ্রদ্ধা পাবেন। কারণ তিনি রেয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি, আর সবসময় আমাদের ক্লাবের মূল্যবোধের প্রতিনিধিত্ব করেছেন। রেয়াল মাদ্রিদ সবসময়ই তাঁর ঘর হয়ে থাকবে।’
খেলোয়াড়ি জীবনে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত মাদ্রিদের জার্সি গায়ে জড়িয়েছেন আলোনসো। এ সময় স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির হয়ে ২৩৮ ম্যাচ খেলেছেন। মাদ্রিদের হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগ, দুটি কোপা দেল রে, একটি করে ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ সহ মোট আটটি শিরোপা জিতেছেন। আর আলোনসোর অধীনে সব মিলিয়ে ৩৮টি ম্যাচ খেলেছে মাদ্রিদ। এর মধ্যে ২৪টিতে জয়ের বিপরীতে ৪টিতে ড্র ও ৬টিতে হেরেছে লস ব্লাঙ্কোস।
আলোনসো যুগের পর মাদ্রিদে শুরু হচ্ছে আরবেলোয়া অধ্যায়। ৪২ বছর বয়সী আরবেলোয়া এককালে রেয়াল মাদ্রিদের জার্সিতে খেলেছেন। পরে লিভারপুলে নাম লিখিয়েছিলেন তিনি। ওই সময় আলোনসোকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন আরবেলোয়া। ২০২০ সালে মাদ্রিদের একাডেমির কোচ হিসেবে নিয়োগ পান আরবেলোয়া। গত বছরের জুনে রেয়াল মাদ্রিদের রিজার্ভ দল কাস্তিয়ার কোচ হিসেবে নিয়োগ পান তিনি। সাত মাসের ব্যবধানে দায়িত্ব পেলেন মূল দলের।



