লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন ২০২১ সালে। সেই ঘটনার ৫ বছর পেরিয়ে গেলেও স্পেনের শহরটির প্রতি মায়া একদমই কাটছে না মেসির। বার্সায় আবারও মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
ফরাসি ওয়েবসাইট ‘ফুত মার্কাতো’র প্রতিবেদন অনুসারে, বার্সায় শিশুদের ক্যানসারের চিকিৎসায় একটি হাসপাতাল নির্মাণে ২৬ লাখ ইউরো অনুদান দিয়েছেন মেসি, বাংলাদেশি অর্থমূল্যে যা ৩৬ কোটি টাকারও বেশি।
ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম গোল এক প্রতিবেদনে জানিয়েছে, এই হাসপাতালে বছরে ৪০০ ক্যানসার রোগীর চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য একই ছাদের নিচে চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের সেবা দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।
শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে মেসি ধারাবাহিকভাবেই অনুদান ও বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। তারই ধারাবাহিকতায় মেসির মানবিক কর্মকাণ্ডের তালিকায় এবার যুক্ত হলো এই উদ্যোগ।
মেসি ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে তাঁর সহযোগিতা করা ও অর্থায়ন করা বেশ কিছু প্রকল্পের তথ্য রয়েছে। এর মধ্যে শিশুদের লিউকেমিয়া নিয়ে গবেষণায় সহায়তা, আর্জেন্টিনায় তাঁর জন্মস্থান রোসারিওর একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম দান এবং মোজাম্বিকে শিশুদের অপুষ্টি মোকাবিলার একটি কর্মসূচিতে সহায়তার মতো উদ্যোগ রয়েছে।



