মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের হারের ধাক্কা দিয়ে দিয়ে ফিফা আসিয়ান কাপ শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আজ বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। বাংলাদেশ সময় বেলা ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবেন ডুলির শিষ্যরা।
এ ম্যাচের শুরুর একাদশে বড় পরিবর্তন আনতে পারেন ডুলি। ম্যাচের আগেই সেটার ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের কোচ। মালয়েশিয়া ম্যাচে রক্ষণে একের পর এক ভুল করা সেন্টারব্যাক শাকিল আহাদ তপুকে আজ শুরুর একাদশে নাও দেখা যেতে পারে। তাঁর জায়গায় খেলতে পারেন জিদান ইউসুফ।
শুধু রক্ষণে নয়, পরিবর্তন আসতে পারে আক্রমণভাগেও। এ ম্যাচে মূল স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন ফারহান আলী ওয়াহিদ। সেক্ষেত্রে দুই উইংয়ে সুযোগ পেতে পারেন রাকিব হোসেন ও শুকি ইতোফুসা। এছাড়া আগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামা মোরসালিনকেও ম্যাচের শুরু থেকে দেখা যেতে পারে। পরিবর্তন আসতে পারে গোলপোস্টের নিচেও। মেহেদী হাসান শ্রাবণের বিপক্ষে আজ ডুলি সুযোগ দিতে পারেন মিতুল মারমাকেও।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা যে সহজ হবে না, সেটা জানেন ডুলিও। অবশ্য সাম্প্রতিক পারফরম্যান্স কিংবা শক্তিতে সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে কিছুটা এগিয়ে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮২, আর সিঙ্গাপুর ১৪৮ নম্বরে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৪ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে এ পর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর একটিতেও জিততে পারেননি লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে জয় না এলেও, এবার সেই গল্প বদলাতে চান ডুলি, ‘আমাদের ভিন্ন মানসিকতা, ভিন্ন ভাবধারা নিয়েই খেলতে হবে। র্যাঙ্কিংয়ে কে এগিয়ে, কে পিছিয়ে, এটা দেখার আর সুযোগ নেই। আমরা ম্যাচটা জিততে চাই। এ নিয়ে আর কোনো কথা নয়।’
মালয়েশিয়া ম্যাচের ভুলগুলো এবার শোধরাতে চান বাংলাদেশ কোচ। শিষ্যদের নিয়ে আগের চেয়ে আগ্রাসী ফুটবল উপহার দিতে চান। ডুলির ভাষায়, ‘আমাদের আরও আগ্রাসী হতে হবে। প্রতিপক্ষ খেলোয়াড়দের বিরুদ্ধে আরও আগ্রাসী মেজাজের ফুটবল খেলতে হবে। তাদের বেশি সুযোগ দেওয়া যাবে না।’
শুধু তাই নয়, লং বলের ফুটবল না খেলে, কিছুটা শর্ট পাসে খেলাতে চান ডুলি, ‘আমরা গত ম্যাচে শুধু লং বল খেলেছি। আমি তো এটা খেলাতে চাইনি! এই ধরনটা বদলাতে হবে।’


