রম্য রচনা

আম্বানিদের বিয়েতে এ দেশ থেকে যাদের দেখা যেতে পারে

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১০:১৪ পিএম

আবার আন্তর্জাতিক খবরের শিরোনাম হয়েছে মুকেশ আম্বানি পরিবার। ভারতের এই ব্যবসায়ী পরিবারটি এককথায় ‘অতিকায় ধনী’। তবে অতিকায় হস্তীর মতো এরা সহজে লোপ পায় না। বরং দোর্দণ্ড প্রতাপে টিকে থাকে বছরের পর বছর। এবার সেই পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানির ‘ফাইনাল’ বিয়ে উপলক্ষে ফের শুরু হয়েছে আলোচনা।

‘ফাইনাল’ বিয়ে বলতে হচ্ছে এই কারণেই যে, আম্বানি পরিবার ছোট ছেলের বিয়ের অনুষ্ঠান হচ্ছে কয়েক মাস ধরেই। প্রথমে গেল ভারতের জামনগরের প্রি-ওয়েডিং। মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের ওই প্রাক-বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন বিল গেটস থেকে শুরু করে জাকারবার্গ, রিহানাসহ আরও অনেকে। সেখানে শাহরুখ-সালমান-আমির খানেরা নেচে-গেয়ে, ঘাড় বা কাঁধ ধরাধরি করে মাতিয়ে তুললেন। দ্বিতীয় প্রি-ওয়েডিং হয়েছে স্থলের বদলে জলে। গত ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত ইতালিতে অনুষ্ঠিত হয় প্রাক-বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় ধাপ। ওই হিসাবে দ্বিতীয়টি সেভাবে ‘হিট’ খায়নি। অর্থাৎ, আলোচনায় অন্তত এগিয়ে ছিল জামনগর।

‘গুপন’ সূত্রের খবরে জানা গেছে, দ্বিতীয় প্রি-ওয়েডিংয়ে আলোড়ন কম হওয়ায় আম্বানি পরিবার কিছুটা নাখোশ। পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র বলেও ফেলেছে, ‘পয়সা তো খরচ কম হচ্ছে না। তাও যদি নেটিজেনদের মধ্যে অস্থিরতা তৈরি করা না যায়, তবে করে কী লাভ হলো?’ জানা গেছে, এর পর থেকেই নাকি শাহরুখ-সালমানরা কিছুটা চাপে পড়ে গেছেন! কীভাবে নাচবেন, কীভাবে গাইবেন, কী করলে হুলুস্থুল ফেলা যায়—এই নিয়ে এখন জোর গবেষণা চলছে।

এদিকে সময়ও বেশি নেই। আগামী ১২ জুলাই ‘ফাইনালি’ সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত ও রাধিকা। এ উপলক্ষে সব ধরনের সেমিফাইনালের আনুষ্ঠানিকতা শেষ করা হচ্ছে। এরই মধ্যে গত শুক্রবার অনন্ত-রাধিকার সংগীত অনুষ্ঠান হয়ে গেছে। রিহানাকে ছাড়িয়ে যেতে প্রায় শতকোটি টাকা দিয়ে সেখানে জাস্টিন বিবারকে দিয়ে পারফর্ম করানো হয়েছে। উদ্দাম নৃত্য শুরু করে দিয়েছেন সালমান খান, ভিকি কৌশল থেকে শুরু করে বাকিরাও!

ভারতের মুকেশ আম্বানির ছোট ছেলের প্রি–ওয়েডিংয়ে শাহরুখ–সালমান নাচলেও বাদ পড়েছেন এ দেশের তারকারা। ছবি: সংগৃহীতকিন্তু অদ্ভুত বিষয় হলো, পাশের দেশে এমন হাউকাউ লাগলেও, এ দেশে তার আঁচ সেভাবে পড়ছে না। বাংলাদেশ থেকে কাউকে ডাকার খবরই তো এখনও জানা গেল না। এ দেশে প্রতিভার তো অভাব নেই! অবশ্য অস্পষ্ট ও পুরোপুরি বানোয়াট একটি সূত্র জানিয়েছে, ফাইনাল বিয়ে উপলক্ষে ধামাকা চায় আম্বানি পরিবার। এবার তাই আশপাশে সবখানেই তাকাচ্ছে তারা। এ সংক্রান্ত একটি তালিকা পাওয়া গেছে। ভেজা টয়লেট টিস্যুর ওপর কিছুটা অস্পষ্ট হয়ে যাওয়া অক্ষরে তাতে পাওয়া গেছে এমন ক’জনের নাম, যারা আসলেই আমন্ত্রণ পেলে এ দেশের অনেকের পিলে চমকে যেতে পারে!

‘সরস’ টিমের পক্ষ থেকে নিচে সেই তালিকাই উন্মোচিত করা হলো পাঠকদের জ্ঞানতৃষ্ণা মেটানোর নিমিত্তে।

১. তালিকার শুরুতেই স্থান পেয়েছে বংশমর্যাদাসম্পন্ন কোটি টাকার ১টি গরু ও লাখ লাখ টাকার ১টি ছাগল। ধারণা করা হচ্ছে এদের উদ্ভব আমাদের দেশেই। কারণ এর আগে এমন গরু-ছাগল বিশ্বে পাওয়াই যায়নি তেমন। বিশেষ করে ১৫ লাখ টাকার ছাগলের প্রতি নাকি আম্বানি পরিবারের আগ্রহ বেশি। কারণ এই ছাগলের গাছের পাতার মতো মালিকদেরও খেয়ে ফেলার বিরল ক্ষমতা আছে। আর এই কারণেই ছাগলটিকে বিশেষ পছন্দ হয়েছে আম্বানিদের। এতে উপমহাদেশের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বিশেষ আলোড়ন তোলা সম্ভব বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া পশুপ্রেমী অনন্ত আম্বানি এ ক্ষেত্রে বাড়তি আগ্রহ প্রকাশ করেছেন বলে ধারনা করা হচ্ছে। কারণ গরু-ছাগলের পাশে বাড়তি টিক চিহ্ন দেওয়ার লক্ষণ দেখা গেছে।

২. বিতর্ক তুলে দিতে পারে এমন ব্যক্তিবর্গকে ডেকে আনার বিষয়ে তালিকায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর জন্য এ দেশের দুজন আলোচিত তারকাকে ডেকে নেওয়া হতে পারে। অনুষ্ঠানের মঞ্চে ‘দুই বধূ এক স্বামী’ শীর্ষক একটি ঝগড়াধর্মী নাটিকাও নিয়ে আসার কথা ভাবা হচ্ছে। তবে এ ক্ষেত্রে পারিপার্শ্বিক বিভিন্ন শঙ্কার বিষয়টি মাথায় নিয়ে এগোনো হচ্ছে। বড় ধরনের আবেগীয় হাঙ্গামা হলে ফায়ার সার্ভিস কীভাবে আগুন নেভাবে, সেই ব্যাপারটিও ভেবে দেখছে আয়োজকেরা।

একই মঞ্চে মুকেশ আম্বানি, ইশা পিরামল, আনন্দ পিরামল, নীতা আম্বানি, অনন্ত আম্বানি, রিহানা, রাধিকা মার্চেন্ট, শ্লোকা মেহতা আম্বানি এবং আকাশ আম্বানি। ছবি: রয়টার্স৩. যেহেতু এবার ফাইনাল বিয়ে, তাই নাকি আম্বানি পরিবার স্বামী-স্ত্রীর বিষয়গুলোকে উপজীব্য করতে উৎসাহ দিচ্ছে। এ ক্ষেত্রে ভেজা টিস্যুতে যেসব নাম পড়া গেছে, তাতে ধারণা করা যাচ্ছে যে, এ দেশীয় আরও দুই তারকাকে ডাকা হতে পারে। এবার সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোড়ন তোলাই যেহেতু মূল উদ্দেশ্য, তাই ‘স্বামী কেন আসামী’ শীর্ষক নাটিকাও রিলস ও শর্টসের দৈর্ঘ্যে তৈরি হতে পারে। এর জন্যই ওই দুই তারকাকে ডাকা হতে পারে বলে জোর গুঞ্জন আছে।

৪. আম্বানি পরিবার এ দেশ থেকে একজন কবিকে নিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এমন একজন কবির বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে, যিনি স্বরচিত কবিতা নিজেই পাঠ করেন এবং সব কবিতা পড়েই সিগনেচার হাসি দেন। এমন একজন ‘ভিডিও কবি’র সন্ধান পাওয়া গেছে ওই টিস্যুতে। তার একটি কবিতাও সেখানে উল্লেখ করা ছিল। সেটি হলো–‘চাগল কায় গাছের পাতা, আমি খাই জুস/ বন্দু তোমায় দেকলে পড়ে, নিবার পারি না গুষ’!   

৫. জানা গেছে, কোনো কিছুতেই কাজ না হলে শেষ চেষ্টা হিসেবে এ দেশের কতিপয় বয়কট-শিল্পীকে তুলে নিয়ে যেতে পারে আম্বানি পরিবার। এ বিষয়ে স্ট্রং রেকমেন্ডেশন পেয়েছেন আম্বানি পরিবারের নীতি নির্ধারকেরা। বলা হচ্ছে, এই উদ্যোগটিকে অত্যন্ত গোপন রাখার চেষ্টা চলছে। সালমান-শাহরুখ একেবারে ফেল মারলেই কেবল এই রাস্তায় এগোনো হতে পারে। তবে প্রয়োজনীয় সব ধরনের খোঁজ-খবর নেওয়া এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

এবার শুধুই ১২ জুলাইয়ের অপেক্ষা। দেখা যাক, এ দেশের হয়ে কারা কাঁপায় বা ভেঙে ফেলে আম্বানিদের মঞ্চ!

পুরানো একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রেমিক। তাঁর মুক্তির দাবিতে অভিনব এক পন্থা বেছে নিয়েছেন এক তরুণী। সোজা গিয়ে উঠেছেন একটি মোবাইল টাওয়ারে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
ভিক্ষা করেই জীবন যাপন করেন নূর ইসলাম। গত সপ্তাহে তাঁর জীর্ণ কুঁড়েঘরটির একটি অংশ ভেঙে যায়। সেই ঘরেই মিলল বস্তা ভর্তি টাকা।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপের ফাইনাল শেষে এবার বড় রহস্যের জন্ম দিয়েছে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য। বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসির দেওয়া সেই সংক্ষিপ্ত বক্তব্য এখন সামাজিক...
ফেসবুকে এক নারীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। এতে দাবি করা হয়েছে, দলের পক্ষ থেকে প্রকৃত ঘটনা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর