ম্যাক্স নিয়ে বিতর্কের মধ্যেই ড্রিমলাইনারের প্রথম দুর্ঘটনা 

আপডেট : ১২ জুন ২০২৫, ০৯:৫২ পিএম

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনাটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের প্রথম দুর্ঘটনা। ২০০৯ সালে এই মডেলটির উৎপাদন শুরু করে বোয়িং। আর ২০১১ সাল থেকে এটির বাণিজ্যিক ব্যবহার শুরু হয়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই–১৭১ ভারত থেকে লন্ডনের পথে ছিল। মাত্র ৬৭২ ফুট উচ্চতায় পৌঁছানোর পরই এটি দুর্ঘটনায় পড়ে। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ ও একজন কানাডিয়ান ছিলেন।

বৈশ্বিক উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণ করা প্রতিষ্ঠান ফ্লাইটর‍্যাডার টোয়েন্টিফোর বলছে, এখন পর্যন্ত হাজারেরও বেশি ড্রিমলাইনার ডজন খানেক এয়ারলাইনসের কাছে সরবরাহ করেছে বোয়িং।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, যদিও সম্প্রতি বোয়িংয়ের তৈরি ৭৮৭ উড়োজাহাজগুলোর ইঞ্জিনের নানা সমস্যার কারণে অনেক এয়ারলাইনসই এই মডেলটি দিয়ে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে অথবা ফ্লাইট সংখ্যা কমিয়েছে, কিন্তু তারপরেও এগুলোর নিরাপত্তা পরিসংখ্যান বেশ ভালো। 

গত বছর লাতাম এয়ারলাইনসের একটি উড়োজাহাজ মধ্য আকাশে থাকার সময় কিছু সমস্যা তৈরি হওয়ার পর ড্রিমলাইনারের নিরাপত্তা নিয়ে তদন্ত শুরু করে মার্কিন কর্তৃপক্ষ ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। 

গত বছর ওয়াশিংটনে এ সংক্রান্ত এক শুনানিতে একজন হুইসেল ব্লোয়ার বিশ্বব্যাপী বোয়িংয়ের ৭৮৭ মডেলের সবগুলো উড়োজাহাজকে গ্রাউন্ডেড করার পরামর্শ দেন। সে সময় বোয়িং সাবেক এই প্রকৌশলীর বক্তব্য খারিজ করে জানায়, উড়োজাহাজগুলোর নিরাপত্তার বিষয়ে তারা আত্মবিশ্বাসী। 

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রধান প্রধান এয়ারলাইনসগুলো তাদের বহরে ড্রিমলাইনার রেখেছে। এ সংখ্যা ১ হাজার ১০০টিরও বেশি। মডেলটি অন্যান্য উড়োজাহাজের থেকে অনেক বেশি জ্বালানি সাশ্রয়ী এবং এতে শব্দ উৎপাদনও কম। 

বোয়িং ৭৩৭–ম্যাক্স মডেলের একটি উড়োজাহাজ। ফাইল ছবি এর আগে ২০১৮ এবং ২০১৯ সালে বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স মডেলের দুটি উড়োজাহাজ ইন্দোনেশিয়া এবং ইথিওপিয়ায় বিধ্বস্ত হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে বোয়িং। দুই দুর্ঘটনায় মোট ৩৪৬ জনের প্রাণহানি হয়। এরপর এই মডেলের উড়োজাহাজগুলো প্রায় ১ বছরের জন্য বসিয়ে রাখতে হয় বোয়িংকে। পরে নতুন করে আবারও পাখা মেলার অনুমতি পায় ৭৩৭ ম্যাক্স।  

গত মাসে, বোয়িং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রায় ১ দশমিক ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়। 

ভারতীয় অ্যাভিয়েশনের নিরাপত্তা ইতিহাস বেশ বর্নিল। কিন্তু এয়ারলাইনস শিল্পের বিকাশ এবং যাত্রী সংখ্যা বৃদ্ধির সাথে সাথে দেশটির আকাশপথের নিরাপত্তায় বেশ উন্নতি হয়েছে। 

২০১২ সাল থেকে এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার ব্যবহার করছে। বর্তমানে এর বহরে আছে এই মডেলের ৩০টি উড়োজাহাজ। বৃহস্পতিবার যে উড়োজাহাজটি বিধ্বস্ত হলো এটি এয়ার ইন্ডিয়ার বহরে যুক্ত হয় ২০১৪ সালে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সাধারণত উড়োজাহাজের দুর্ঘটনাগুলো ওঠা ও নামার সময়েই বেশি হয়। ফ্লাইটর‍্যাডারের তথ্য বলছে, দুর্ঘটনায় পড়া উড়োজাহাজটি ৬২৫ ফিট পর্যন্ত উঠেছিল। 

এর আগে ২০২০ সালের আগস্টে এয়ার ইন্ডিয়া সবশেষ দুর্ঘটনার মুখে পড়ে। সেই বার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বোয়িং ৭৩৭–৮০০ মডেলের উড়োজাহাজ খারাপ আবহাওয়ার মধ্যে কালিকুট বিমানবন্দরে নামার সময় রানওয়ে থেকে ছিটকে যায়। 

আহমেদাবাদের দুর্ঘটনার পর বোয়িং এক বিবৃতিতে বলেছে, তারা দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট সম্বন্ধে অবগত এবং এ সংক্রান্ত আরও তথ্য সংগ্রহে কাজ করছে।

এ ঘটনার পর নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের প্রি-মার্কেট ট্রেডিংয়ে বোয়িং ৮ শতাংশ দর হারিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ সংক্রান্ত প্রচুর নথিপত্র ডার্ক ওয়েবে ফাঁস করে দিয়েছে কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপ ‘ওয়ার্ল্ড লিকস’। ফাঁস হওয়া এসব...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, এ বিষয়ে ভারতের...
দক্ষিণ এশিয়ার আকাশে কি নীরবেই বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য? কোনো যুদ্ধের ঘোষণা নেই, কোনো পারমাণবিক পরীক্ষাও নেই; তবুও একের পর এক এমন পদক্ষেপ নিচ্ছে ভারত, যা নতুন করে ভাবিয়ে তুলছে সামরিক...
রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর