কাবুল এবং আরও দুটি প্রদেশে পাকিস্তানের সেনাবাহিনীর বিমান হামলার পর আজ আফগানিস্তানের বিরুদ্ধে ‘সরাসরি যুদ্ধ’ ঘোষণা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
কিন্তু এই সরাসরি যুদ্ধ বলতে পাকিস্তান কী বোঝাচ্ছে? এর অর্থ কী? বিবিসি বাংলা এ নিয়ে বিশ্লেষণী প্রতিবেদন করেছে।
এ প্রসঙ্গে আফগানিস্তান বিষয়ক বিশেষজ্ঞ আমিন সইকাল বিবিসির নিউজডে প্রোগ্রাম-এ বলেছেন, এটি একটি অত্যন্ত গুরুতর অগ্রগতি এবং ইসলামাবাদ ইঙ্গিত দিচ্ছে যে তারা আফগান তালেবানদের ‘শাস্তি’ দিতে চায়। তালেবানের বিরুদ্ধে পাকিস্তানে সাম্প্রতিক হামলার নেপথ্যে থাকা সশস্ত্র গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগ করে আসছে পাকিস্তান।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর আরব অ্যান্ড ইসলামিক স্টাডিজের প্রতিষ্ঠাতা সইকাল বলেছেন, ‘দুই পক্ষই দীর্ঘদিন ধরেই একে অন্যের মুখোমুখি অবস্থান করছে। এখন পাকিস্তানিরা (তীব্রতর অবস্থানে আঘাত বোঝাতে) ঘাড়ের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা পাকিস্তানি তালেবানদের সমর্থন করার জন্য সত্যিই (আফগানিস্তানের) তালেবানদের শাস্তি দিতে চায়, যারা গত এক বা দুই বছরে পাকিস্তানি লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে এবং প্রচুর মানুষ মেরেছে।’
‘আধুনিক আফগানিস্তান’ শীর্ষক বইয়ের লেখক মি. সইকাল বলেন, ‘এই উত্তেজনা বৃদ্ধি আফগান জনগণের জন্য বিপর্যয়কর হবে, যারা নিজেরা অর্থনৈতিক সমস্যার সঙ্গে যুদ্ধ করছেন।’



