বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে বাস্তুচ্যুত নাগরিকদের তালিকায় নেই রোহিঙ্গাদের নাম।
শুধু তাই নয়, রোহিঙ্গা নামে দেশটিতে কোনো জাতিগোষ্ঠীর অস্তিত্ব থাকার কথাও অস্বীকার করেছে মিয়ানমার।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও বলেছে, তারা নির্যাতিত রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের নিজেদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না। এমনকি রোহিঙ্গা শব্দের মাধ্যমে যে জাতিগত পরিচয়ের দাবি করা হয় তার অস্তিত্ব মিয়ানমারে কখনোই ছিল না বলেও দাবি করেছে নেপিদো।
অধিকারকর্মীদের আশঙ্কা, এ কারণে দেশে ফেরা রোহিঙ্গারা আবারও বিপদে পড়তে পারে। জুলাই মাসে মিয়ানমার পাঁচ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে বলে জানায় মালয়েশিয়া।
উল্লেখ্য, গত বুধবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ মিয়ানমারে নেই। এর পরই বৃহস্পতিবার মিয়ানমার সরকার এই বিবৃতি দেয়।



