ফ্রান্স, জার্মানি, ব্রিটেন...ট্রাম্পের ‘দাদাগিরি’র মুখে গ্রিনল্যান্ডে সেনা নিয়ে হাজির ইউরোপের ৭ দেশ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম

গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ ও অদ্ভুত সব দাবির মধ্যে আর্কটিক অঞ্চলের ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে ইউরোপের ন্যাটো-ভুক্ত দেশগুলোর কয়েকটির সামরিক উপস্থিতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন প্রকাশ্যে বলছেন তাঁদের জাতীয় নিরাপত্তার স্বার্থেই যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড ‘প্রয়োজন’, ঠিক তখনই ডেনমার্কের অধীন এই স্বায়ত্তশাসিত দ্বীপে পৌঁছেছে ইউরোপের একাধিক দেশের সামরিক সদস্যরা।

বিবিসি জানিয়েছে, ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য — এই সাতটি ইউরোপীয় দেশ সীমিত আকারে সামরিক সদস্য পাঠিয়েছে গ্রিনল্যান্ডের রাজধানী নুক-এ। ডেনমার্কের নেতৃত্বে পরিচালিত যৌথ সামরিক মহড়া ‘অপারেশন আর্কটিক এন্ড্যুরেন্স’-এর অংশ হিসেবেই এই উপস্থিতি। তবে সামরিক উপস্থিতির চেয়ে এখানে রাজনৈতিক বার্তাটাকে বড় করে দেখতে হচ্ছে।

প্রতীকী, তবে অর্থবহ সামরিক মোতায়েন

ফ্রান্স প্রথম ধাপে মাত্র ১৫ জন সামরিক সদস্য পাঠিয়েছে। দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জানিয়েছেন, স্থল, আকাশ ও নৌপথে আরও সৈন্য ও সরঞ্জাম যুক্ত করে শিগগিরই এই সামরিক উপস্থিতি আরও জোরদার করা হবে। ফরাসি কূটনীতিক অলিভিয়ে পোয়াভ দাখভো এই উদ্যোগকে দেখছেন একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা হিসেবে। তাঁর ভাষায়, ‘এটি প্রথম মহড়া। এর মাধ্যমে আমরা যুক্তরাষ্ট্রকে দেখাতে চাই — ন্যাটো গ্রিনল্যান্ডে উপস্থিত।’

জার্মানি পাঠিয়েছে একটি এ৪০০এম সামরিক পরিবহন বিমান ও ১৩ জন সেনা সদস্য, যদিও তারা মাত্র কয়েক দিনের জন্য অবস্থান করবেন। ফিনল্যান্ড পাঠিয়েছে দুজন সামরিক লিয়াজোঁ কর্মকর্তা, যাদের দায়িত্ব আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করা। সুইডেন, নরওয়ে, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস থেকেও সীমিতসংখ্যক সামরিক কর্মকর্তা নুক-এ পৌঁছেছেন।

ওয়াশিংটনে বৈঠক, মতপার্থক্য স্পষ্ট

এই সামরিক মোতায়েনের ঠিক আগেই ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেন, আলোচনা গঠনমূলক হলেও দুই পক্ষের মধ্যে ‘মৌলিক মতপার্থক্য’ রয়ে গেছে।

রাসমুসেন স্পষ্ট ভাষায় ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার আগ্রহের সমালোচনা করেন। তাঁর মতে, চীন বা রাশিয়ার কাছ থেকে এমন কোনো তাৎক্ষণিক হুমকি নেই, যা ডেনমার্ক ও গ্রিনল্যান্ড সামাল দিতে পারবে না।

ট্রাম্পের অবস্থান: ‘গ্রিনল্যান্ড আমাদের দরকার’

তবে ট্রাম্প নিজের অবস্থানে অনড়। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ‘জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড দরকার।’ সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা তিনি পুরোপুরি নাকচ না করলেও বলেছেন, ডেনমার্কের সঙ্গে সমঝোতার পথ খোলা আছে।

রাশিয়া ও চীনের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, রাশিয়া ও চীন গ্রিনল্যান্ড দখল করতে এলে ডেনমার্ক একা কিছুই করতে পারবে না, কিন্তু যুক্তরাষ্ট্র সবকিছুই করতে পারবে। তাঁর বক্তব্যে ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাও উঠে আসে, যা ইঙ্গিত দেয় — আন্তর্জাতিক রাজনীতিতে শক্তির ব্যবহার নিয়ে তিনি দ্বিধাগ্রস্ত নন।

ইউরোপের উদ্বেগ ও সতর্কবার্তা

ট্রাম্পের এই বক্তব্য ইউরোপে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। গ্রিনল্যান্ডে সৈন্য পাঠাতে অস্বীকৃতি জানালেও পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সতর্ক করে বলেছেন, ন্যাটোর এক সদস্য দেশের ভূখণ্ডে আরেক সদস্য দেশের সামরিক হস্তক্ষেপ ‘রাজনৈতিক বিপর্যয়’ ডেকে আনবে। তাঁর ভাষায়, এমন ঘটনা হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থার ভিত্তিই ভেঙে পড়বে।

রাশিয়াও পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। বেলজিয়ামে রুশ দূতাবাস অভিযোগ করেছে, মস্কো ও বেইজিংয়ের হুমকির অজুহাতে ন্যাটো আর্কটিকে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, যা পরিস্থিতি আরও জটিল করতে পারে।

গ্রিনল্যান্ডের অবস্থান: স্পষ্ট না

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন পরিস্থিতিকে ‘ভূরাজনৈতিক সংকট’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর জনগণ যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। ‘গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের মালিকানায় যেতে চায় না, শাসনাধীন হতে চায় না, কিংবা যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না’ — বলেছেন নিলসেন।

মাখোঁও নতুন বছরের ভাষণে বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতি ইউরোপের বিশেষ দায়িত্ব আছে, কারণ এটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত এবং ন্যাটোর একটি মিত্র ভূখণ্ড।

সামরিক বাস্তবতা ও রাজনৈতিক বার্তা

উল্লেখযোগ্য বিষয় হলো — গ্রিনল্যান্ডে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে প্রায় ১৫০ জন সদস্য কর্মরত। চাইলে বিদ্যমান চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র আরও বড় বাহিনী মোতায়েন করতে পারে। তবু ইউরোপীয় এই উদ্যোগকে দেখা হচ্ছে ট্রাম্প প্রশাসনের উদ্দেশে একটি কৌশলগত বার্তা হিসেবে — আর্কটিক নিরাপত্তা শুধু যুক্তরাষ্ট্রের একক বিষয় নয়।

ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী ট্রোলস লুন্ড পোলসেন জানিয়েছেন, ভবিষ্যতে ঘুরিয়ে-ফিরিয়ে (রোটেশন ভিত্তিতে) আরও নিয়মিত সামরিক উপস্থিতি রাখা হবে, যাতে গ্রিনল্যান্ডে ন্যাটোর স্থায়ী উপস্থিতি জোরদার হয়।

আর্কটিকে নতুন অধ্যায়

সব মিলিয়ে গ্রিনল্যান্ড এখন কেবল বরফে ঢাকা একটি দ্বীপ নয়, এটি পরিণত হয়েছে বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার এক গুরুত্বপূর্ণ মঞ্চে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া ও চীনের স্বার্থ যেখানে মিলছে ও সংঘর্ষে জড়াচ্ছে, সেখানে এই দ্বীপের ভবিষ্যৎ শুধু ডেনমার্ক বা গ্রিনল্যান্ডের সিদ্ধান্তে সীমাবদ্ধ নেই।

কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর নিজ দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্র কোনো বাধা দেবে না। তবে, তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে।
ইরানের তুনব দ্বীপে টানা ৯০ মিনিট হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সক্ষমতা কমাতেই এ হামলা।
নতুন করে ঘনীভূত হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত। আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর