মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার সংঘাতের মধ্যেই ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে ইতালি। দেশটির কয়েকটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছেন।
২০০৩ সালে ইসরায়েলের সাথে ইতালির প্রতিরক্ষা চুক্তি সই হয়। এরপর ইতালিতে ক্ষমতার পরিবর্তন হলেও পরবর্তী সরকারগুলো এই চুক্তি নবায়ন করে আসছিল।
মঙ্গলবার ভেরোনায় মেলোনি সাংবাদিকদের বলেন, ‘হরমুজ প্রণালি আবার চালু করতে সব ধরনের চেষ্টা চালানো উচিত।’
এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানি সংবাদমাধ্যমগুলো বলছে, পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত এবং বিরোধ সমাধানে কূটনৈতিক পথই তাঁদের পছন্দের।
পেজেশকিয়ান জানান, হুমকি, চাপ কিংবা সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র নিজেদের সমস্যা আরও বাড়াবে এবং পরিস্থিতি আরও জটিল হবে। ইউরোপের উচিত যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন ও নীতি মেনে চলতে উৎসাহিত করা।



