সামরিক সংঘাতের সময় পাকিস্তানে বন্দি হওয়া ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) পাইলট অভিনন্দন বর্তমান অবসরে গেছেন। তিনি যোগ দিয়েছেন ভারতেরই একটি বেসরকারি বিমানসংস্থায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এক আকাশযুদ্ধে তার বিমানকে গুলি করে ভূপাতিত করেছিল পাকিস্তান। এরপর তিন দিন তিনি পাকিস্তানে বন্দি ছিলেন। পরে অবশ্য তাকে মুক্তি দেওয়া হয়।
সংবাদ সংস্থা পিটিআই জানায়, ভারতের তৃতীয় সর্বোচ্চ বীরত্বসূচক পদক বীর চক্র পাওয়া এই সাবেক গ্রুপ ক্যাপ্টেন বিমানবাহিনীতে ২২ বছর চাকরি করেছেন। গত মাসে তিনি গোয়াভিত্তিক এয়ারলাইনস ‘ফ্লাই৯১’-এ পাইলট হিসেবে যোগ দেন।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় এক আত্মঘাতী বোমা হামলায় ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের ৪০ জন সদস্য নিহত হন। এরপর ভারতীয় বাহিনী পাকিস্তানের ভেতরে ‘জৈশ-ই-মোহাম্মদ’ নামের একটি সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরে হামলা করে। এ সময় পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভুপাতিত করেন বর্তমান। পরে তার বিমানটিকেও ভূপাতিত করা হয়। এ সময় তিনি আহত হয়ে পাকিস্তানে ৩ দিন বন্দি ছিলেন।



