ইরানে সামরিক অভিযান পরিচালনায় ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে আবারও ব্যর্থ হয়েছে। প্রস্তাবটি পাস হলে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে মার্কিন সামরিক অভিযান চালাতে পারতেন না। রয়টার্স জানিয়েছে এ খবর।
স্থানীয় সময় বুধবার হওয়া ভোটে প্রস্তাবটির বিপক্ষে ৫২টি এবং পক্ষে ৪৭টি ভোট পড়ে। যুদ্ধ শুরু হওয়ার প্রায় সাত সপ্তাহের মাথায় এটি ছিল এ ধরনের চতুর্থ ভোট, যেখানে প্রস্তাবটি প্রত্যাখ্যাত হলো।
আইনপ্রণেতারা জানিয়েছেন, প্রতি সপ্তাহেই এই প্রস্তাব তোলা হবে।
এদিকে, ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বন্ধে সিনেটে ভোটের উদ্যোগ নিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। স্যান্ডার্স বলেন, এই প্রস্তাবগুলো পাস হলে ইসরায়েলে ৪৫৩ কেজি বোমা এবং ১৩২টি সাঁজোয়া বুলডোজার পাঠানো বন্ধ হবে। এসব অস্ত্রের মূল্য ৪৪ কোটি ৬০ লাখ ডলারের বেশি। যা সম্পূর্ণভাবে মার্কিন করদাতাদের অর্থে অর্থায়ন করা।


