মধ্যপ্রাচ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মাঝেই গত ১১ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২১ ঘন্টার শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। সরাসরি এই বৈঠক বড় কোনো সাফল্য ছাড়া শেষ হলেও আশার কথা, দুই পক্ষই এই শান্তি আলোচনা এগিয়ে নিতে ইতিবাচক মনোভাব পোষণ করেছে।
তবে পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দফার আলোচনা কবে অনুষ্ঠিত হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি বলে বুধবার জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা প্রক্রিয়া ত্বরান্বিত করতে পাকিস্তানের একটি প্রতিনিধিদল ইতোমধ্যেই ইরানে পৌঁছেছেন বলে জানা গেছে।
এদিকে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সাথে ফোনালাপে এ সতর্কবার্তা দেন তিনি।
এসময় পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলেও মন্তব্য করেন তিনি। এই ধরনের তৎপরতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি বলেও উল্লেখ করেন তিনি।
জবাবে চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান, পরিস্থিতির কূটনৈতিক সমাধান ও সংঘাত অবসানে চীন সহায়তা করতে প্রস্তুত। অন্যদিকে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও জ্বালানি সংকট নিয়ে কাতারের আমিরের সাথে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


