ইসলামাবাদে আমেরিকার সঙ্গে শান্তি আলোচনার জন্য কোনো প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেয়নি ইরান। দেশটির আধা সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজের বরাতে রোববার এ তথ্য জানিয়েছে রয়টার্স।
তাসনিম নিউজ জানিয়েছে, যতদিন পর্যন্ত মার্কিন নৌ-অবরোধ বহাল থাকবে, ততদিন পাকিস্তানে আলোচনার জন্য কোনো প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেয়নি ইরান।
পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসার কথা ইরানের। মঙ্গলবার ইসলামাবাদে এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে জানিয়েছেন, আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছেন।
অন্যদিকে আলোচনার সঙ্গে পরিচিত ইরানি সূত্রগুলোর কাছ থেকে পাওয়া তথ্য জানিয়ে সিএনএন লিখেছে, মঙ্গলবার একটি ইরানি প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছাবে এবং সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে।
সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, আগের দফার মতো ইরানের একই দল এবারের আলোচনায় অংশ নেবে। প্রথম দফার বৈঠকে ইরানের প্রতিনিধিদলে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফ।
এর আগে বাকের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান এখনো চূড়ান্ত কোনো চুক্তি থেকে অনেক দূরে রয়েছে। দুই দেশের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদও কয়েক দিনের মধ্যে শেষ হওয়ার কথা।
দ্বিতীয় দফা আলোচনার ক্ষেত্রে ইরানি পক্ষ আশা করছে, বুধবার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে একটি প্রতীকী যৌথ ঘোষণা আসতে পারে। এরপর পরিস্থিতি অনুকূলে থাকলে এবং ট্রাম্প ইসলামাবাদে যেতে রাজি হলে, ইরানের প্রেসিডেন্টও সেখানে যেতে পারেন। সে ক্ষেত্রে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে একটি যৌথ বৈঠক হবে এবং সেখানে একটি ‘ইসলামাবাদ ঘোষণা’ স্বাক্ষরিত হতে পারে।
তবে ট্রাম্প প্রতিনিধিদল পাঠানোর কথা বলার পরও তেহরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যে তাদের আলোচক দল ইসলামাবাদে যাচ্ছে কি না।
গত সপ্তাহান্তে উচ্চপর্যায়ের আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছিল।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আজ আনতালিয়ায় এক সম্মেলনে বলেছেন, যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই আলোচনা চালিয়ে যেতে চায়। তবে এখনো বেশ কিছু বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ট্রাম্প ইরানকে তার পারমাণবিক কর্মসূচির অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। ইরানি স্টুডেন্ট নিউজ এজেন্সির (আইএসএনএ) বরাতে এ তথ্য জানানো হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি দুই পক্ষের আলোচনায় অন্যতম প্রধান তর্ক-বিতর্কের বিষয়।
একদিকে যখন আলোচনার প্রস্তুতি চলছে, অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ আছে। জাহাজের গতিপথ-সংক্রান্ত তথ্য বলছে, পারস্য উপসাগর থেকে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী দুটি ট্যাংকার হঠাৎ করে দিক পরিবর্তন করেছে।
হরমুজ উন্মুক্ত করার ঘোষণার একদিন পরই গতকাল ইরান আবার সেটি বন্ধ করে দিয়েছে। তাদের বন্দরের ওপর আমেরিকার ব্লকেডকে এর কারণ হিসেবে দেখিয়েছে তারা।
এদিকে মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান জানিয়েছেন পোপ লিও। আজ তিনি সংশ্লিষ্ট দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান, যেন তাঁরা সংঘাতের সমাধানে এগিয়ে আসেন।


