আমেরিকার ওপর আস্থা রাখতে পারছে না ইরান। যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতার মধ্যেই ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে চরম অবিশ্বাস ও সংশয় প্রকাশ করেছে তেহরান। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মূলত অতীতে আলোচনা চলাকালীনই মার্কিন হামলার তিক্ত অভিজ্ঞতা এই আস্থাহীনতার মূল কারণ।
২০২৫ সালের জুন মাসে যখন মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সাথে আলোচনায় বসেছিলেন, ঠিক তখনই ইরানজুড়ে সামরিক হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
দুই পক্ষের মধ্যে ১২ দিনের যুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বি-২ বোমারু বিমান এবং বাঙ্কার-বাস্টার অস্ত্র ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে।
তখন থেকেই ওয়াশিংটন ও ইসরায়েল দাবি করে আসছে যে, ইরান পুনরায় তাদের পারমাণবিক কর্মসূচি এবং পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিসাইল তৈরির চেষ্টা করছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ওমানের মাস্কাটে উইটকফ ও কুশনার আবারও আরাঘচির সাথে সাক্ষাৎ করেন। কিন্তু সেই কূটনৈতিক প্রচেষ্টার মাঝেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছিলেন যে, আলোচনার অগ্রগতিতে তিনি সন্তুষ্ট নন।
এবারও একই মার্কিন দূতরা আলোচনার জন্য পাকিস্তানের পথে রয়েছেন। ইরানি কর্মকর্তারা বলছেন, তাঁরা যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেন না। আলোচনার চেয়ে তাঁরা এখন সামরিক প্রস্তুতি জোরদার করার ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন।
ইরানের কিছু কট্টরপন্থি নেতা সাফ জানিয়ে দিয়েছেন, দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না। যদিও ইউরেনিয়াম সমৃদ্ধকরণকেই হামলার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছিলেন ট্রাম্প।


