ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, বুধবার ভোরে কুহেস্তাক শহরের ওই বাড়িতে এই নিষ্ঠুর হামলা চালানো হয়। তিনি জানান, নারী ও শিশুসহ ৫০ জনেরও বেশি মানুষ নিহত ও আহত হয়েছেন।
ইরানের প্রেস টিভি জানিয়েছে, এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা হোসেইন কেরমানপুর এক্সে লিখেছেন, শহীদদের মধ্যে একজন শিশুও রয়েছে। বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকাশিত ফুটেজে দেখা গেছে, একটি ভবনের দেয়াল ও জানালা উড়ে গেছে এবং মাটিতে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই মানবিক সংস্থাটি একটি হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন শিশুর ছবিও প্রকাশ করেছে।
সিরিক কাউন্টির গভর্নর রেজা শাহিদিয়ান পরে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবিকে জানান, ৬৩ জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে ৫০ জনই নারী ও শিশু।
তিনি বলেন, আহতদের নিকটবর্তী শহর মিনাবের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা স্থিতিশীল অবস্থায় আছেন।
আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সিও বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া এক শিশুর বিবরণ প্রকাশ করেছে। শিশুটি একটি ভিডিওতে জানায়, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সে যুদ্ধবিমানের শব্দ শুনতে পেয়েছিল।
এই প্রতিবেদনগুলো এমন সময়ে এসেছে যখন মার্কিন সামরিক বাহিনী ইরানি সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে নতুন করে হামলার ঘোষণা দিয়েছে। তারা বলেছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) হামলার চেষ্টার জেরেই এই হামলা চালানো হচ্ছে।



