ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪ হাজার ৫১০ কোটি ডলার খরচ হয়েছে। সম্প্রতি মার্কিন কংগ্রেসকে এ তথ্য জানিয়েছে পেন্টাগন।
সিএনএন জানিয়েছে, আইনপ্রণেতাদের গত শুক্রবার এ হিসাব দিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর।
পেন্টাগন জানায়, ৩ সেপ্টেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের ব্যয় ছিল ৪ হাজার ৩৬০ কোটি ডলার। এছাড়া অতিরিক্ত জ্বালানি বাবদ আরও ১৫০ কোটি ডলার খরচ হয়েছে। তবে এ হিসাব চলমান ইরান যুদ্ধের পূর্ণাঙ্গ খরচের খতিয়ান নয়। কেননা, যুদ্ধে ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটি ও ভবন মেরামতের খরচ এতে ধরা হয়নি।
তবে এ হিসাব নির্দলীয় বাজেট গবেষণাপ্রতিষ্ঠান কংগ্রেসনাল বাজেট অফিস সিবিও’র হিসাবের চেয়ে বেশি। সিবিও বলেছে, ১ আগস্ট পর্যন্ত ইরান যুদ্ধে ৩ হাজার ৮০০ কোটি ডলার খরচ হতে পারে।



