গাজায় ইসরায়েলের হামলায় একদিনে অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। ড্রোন, হেলিকপ্টার ও যুদ্ধবিমান দিয়ে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার এসব হামলা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, দেইর আল-বালায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার থেকে পরপর ২টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে ভবনটিতে আগুন ধরে যায়।
উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
গাজা সিটির শাতি শরণার্থী শিবিরে ড্রোন হামলায় ৩ জন ও দারাজ এলাকায় ৩ জন নিহত হয়েছে। ত্রাণপ্রার্থী ও বাস্তুচ্যুতদের তাঁবু লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।
খান ইউনিসে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে ফিলিস্তিনের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের ২ কমান্ডার নিহত হন বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ইসরায়েলের বিরুদ্ধে গাজায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও করেছে মন্ত্রণালয়।


