বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শুরু হয় শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতেই মূলত এই আয়োজন। গতকাল শুক্রবার চলছিল গ্রুপ পর্বের দ্বিতীয় দিনের খেলা। এদিন রাতে মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস ও দীপংকর দীপনের দল রানার ফাস্টিসের খেলা চলাকালে মাঠে থাকা তারকাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচটি শেষ হওয়ার পর তা আরও বাড়ে, এক পর্যায়ে মারামারিতে রূপ নেয়। এতে আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক্স হসপিটাল) ভর্তি করা হয়। আহতরা হলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।
জানা যায়, খেলা চলাকালে টিজ করার ঘটনা থেকেই এই মারামারির সূত্রপাত। ইনডিপেনডেন্ট ডিজিটালকে এমনটা জানিয়ে নির্মাতা শিহাব শাহীন বললেন, ‘খেলা চলাকালে যেটা হয় আর কী, একে অন্যকে টিজ করার ঘটনা ঘটে থাকে। ওই ম্যাচেও এমনটা হয়েছে। একে অন্যকে খোঁচাখুঁচি করছিল। টেস্টোস্টেরন হরমোনের কারণে উত্তেজিত হয়ে পড়ে তারা। এরপরই মারামারির ঘটনা ঘটে। অন্যদের সঙ্গে যদি খেলা হতো তবে তারা ঠিকই চুপচাপ বসে থাকতো। কিন্তু নিজেরা নিজেরা হওয়াতে খোঁচাখুঁচি একটু বেশি হয়েছে।’
প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের মধ্যে মোস্তফা কামাল রাজ ও শরীফুল রাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন রানার ফাস্টিসের রাজ রিপা। এমনকি তাঁকে ক্যারিয়ার শেষ করে দেবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে জানান। এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী বলেন, ‘আমাদের দলের কাউকে এবং আমার ফিল্মের ক্যারিয়ার ও আমার যদি কোনো ক্ষতি হয়, তার জন্য আমাদের হুমকি দেওয়া ডিরেক্টর মোস্তফা কামাল রাজ ভাই ও পানির বোতল ফিক্কা (ছুঁড়ে) মেরে শাসানো অভিনেতা শরীফুল রাজ ভাই দায়ী থাকবে।’
এই পরিপ্রেক্ষিতে মোস্তফা কামাল রাজ বলেন, ‘খেলায় উত্তেজনার বশে অনেক কিছুই ঘটে যায়। এবং সেটা সেখানেই শেষ হয়ে যায়। এটা এমনই একটি ঘটনা। রাজ রিপা আমার নামে যে অভিযোগ করেছে সেগুলো সত্য নয়।’
যোগ করে তিনি আরও বললেন, ‘নিজেদের মধ্যে একটা মিস-আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কোনও একটা কারণে। এটা আমরা নিজেরা নিজেরাই সমাধান করতে চাই। এর বাইরে কিছু বলতে চাই না। বড় ভাইরা যারা সিনিয়র শিল্পী রয়েছেন তাঁরা বিষয়টি সমাধান করতে পারবেন বলে বিশ্বাস করি আমি।’
এদিকে, কে প্রথমে গায়ে হাত তুলেছিলেন—এমনটা জানতে চাইলে ইস্পাহানি ব্লাস্টার্সের অধিনায়ক শিহাব শাহীন বলেন, ‘চিৎকার চেচামেচি, ঝগড়াঝাঁটি হয়েছে। আমিও মাঠেই ছিলাম, তবে দেখিনি অনেক কিছুই। গায়ে হাত তোলার ব্যাপারটা কতখানি কী হয়েছে সেটা বলতে পারছি না।’
এই নির্মাতা জানান, ঘটনাটি নিয়ে এরইমধ্যে সিনিয়র শিল্পীদের মধ্যে আলোচনা হয়েছে। আজ অধিনায়করা ও আয়োজক কমিটি এই বিষয়ে কথা বলতে এক টেবিলে বসছে।
প্রসঙ্গত, মারামারি ঘটনা ঘটে যাওয়া ওই ম্যাচে মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস ছয় ওভারে সংগ্রহ করেছিল ১১৯ রান। প্রতিপক্ষ দীপংকর দীপনের রানার ফাস্টিস দ্বিতীয় ইনিংসে নির্ধারিত ওভারে ১১২ রান করতে সক্ষম হয়। ৭ রানে ম্যাচটি জিতে গিগাবাইট স্কোরারস। এরপরই মারামারির সূত্রপাত।


শিল্পী সম্মানীর ওপর ১০ শতাংশ উৎসে কর প্রত্যাহারের দাবি
