শাহরুখ খানের আগামী ছবিতে থাকবেন মেয়ে সুহানা—এমন তথ্য অনেকদিন ধরেই চাউর বলিউডে। তবে বিষয়টি নিয়ে কোনো পক্ষই নিশ্চিত করছিল না। এবার সেই গুঞ্জনটিই যেন সত্য হলো। সামান্য একটি ভুলে জানা গেল ছবিটির নামও। আর এর নেপথ্যে শাহরুখ স্বয়ং। সম্প্রতি একটি ভিডিও ভাগ করে নেন এই সুপারস্টার। সেখানে কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পাওয়ার জন্য সিনেমাটোগ্রাফার সন্তোষ শিভানকে অভিনন্দন জানিয়েছেন শাহরুখ।
সেই ভিডিওতে দেখা গেছে, শাহরুখ অফিসে যেখানে বসে রয়েছেন, তার পাশের টেবিলে এক প্রস্ত কাগজ। আদতে এটা চিত্রনাট্য। সেখানে বড় হরফে লেখা ‘কিং’। ব্যস! গুঞ্জন মিলে গেল।
কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল, সুহানার আগামী ছবির নাম ‘কিং’। পরিচালক সুজয় ঘোষ। প্রযোজনায় সিদ্ধার্থ আনন্দ। এই ছবিতে ক্যামিও করবেন শাহরুখ, এমন গুঞ্জনও শোনা গেছে। তবে এবার অনুমান ‘কিং’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করবেন শাহরুখ।
‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবিতে শাহরুখের অ্যাকশনের তুলনায় এই ছবিতে অ্যাকশনের স্বাদ ভিন্ন। গল্পের মূল প্রেক্ষাপট জুড়ে আবেগের ছায়া। সূত্র অনুযায়ী, শাহরুখকে কুখ্যাত ডনের প্রত্যাবর্তনকে ‘কিং’ ছবিতে দেখানো হবে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলতি বছরে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শাহরুখ ও সুহানার সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন পরিচালক। কার্যত এটা স্পষ্ট যে, আটঘাট বেঁধে শাহরুখের নতুন ছবির প্রস্তুতি চলছে।


পরীর বাসায় রাজ, সম্পর্কের দৃশ্যপট তবে পাল্টাচ্ছে?
