ইট-পাথরের এই শহরে একটু সবুজের ছোঁয়া পেতে আজকাল অনেকেই ঘরের কোণে বা বারান্দায় ছোট পরিসরে শখের বাগান করেন। সেখানে থাকে ফুল, ফল আর ছোট ছোট গাছ। কিন্তু একবার এই শখের বাগানে পোকার আক্রমণ ঘটলে, নিমিষেই সব শেষ।
মিলিবাগ এমনই এক ধরনের ক্ষতিকর পোকা। সাদাটে তুলার দলার মতো দেখতে পোকাগুলো বাগানের কোনো এক গাছকে আক্রমণ করলে, তাতে আশেপাশের গাছও নিস্তার পায় না।
স্ত্রী মিলিবাগ পাঁচ থেকে দশ দিনের মধ্যে ৬০০টি পর্যন্ত ডিম পাড়ে। গাছের কাণ্ডের ডগায় এবং যেখান থেকে গাছের পাতা বেরিয়ে আসে সেখানে থাকতে পছন্দ করে এ পোকা। ফলে এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে পড়ে সহজেই। ডগা ও মুকুলের বোঁটায় এরা এমনভাবে গাদাগাদি করে থাকে যে, আক্রান্ত ডগাটি আর দেখতেই পাওয়া যায় না।
কিছু বুঝে ওঠার আগেই দেখবেন আপনার ব্যালকনি বা ছাদে গড়ে তোলা শখের বাগান মুহূর্তে নিঃশেষ হয়ে গেছে।
যেসব গাছের নাইট্রোজেন লেবেল উচ্চমানের এবং বৃদ্ধি কোমল, সেসব গাছের প্রতি মিলিবাগ বেশি আকৃষ্ট হয়। মিলিবাগের আক্রমণ প্রতিরোধ করতে গাছে অতিরিক্ত পানি বা সার দেবেন না।
নিয়মিত গাছের পাতা পরিষ্কার রাখুন। বাজারে পাতা পরিষ্কারের জন্য বিভিন্ন ব্র্যান্ডের ‘লিফ শাইন’ পাওয়া যায়। অবশ্য না থাকলেও সমস্যা নেই। শুধু পানি দিয়েই নিয়মিত পাতাগুলো ধুয়ে দিলে অনেক উপকার পাবেন।
এসবের পাশাপাশি নিচের ঘরোয়া টিপসগুলো অনুসরণ করতে পারেন-
শুকনা মরিচের গুঁড়া: ৬ থেকে ৭ ফোঁটা সাবানপানি, সঙ্গে ২ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়ো নিয়ে ৩ লিটার পানিতে মিশিয়ে নিন। এই মিশ্রণ গাছের যেখানে যেখানে মিলিবাগ হয়েছে সেখানে স্প্রে করুন।
রসুন: বাড়িতে থাকা রসুন পুরোনো হলে বা মজে যাওয়া রসুন থাকলে তা ফেলবেন না। রসুনের গন্ধ পোকামাকড় সহ্য করতে পারে না। রসুন বেটে তা গাছের গায়ে লাগিয়ে দিতে পারেন। এতে দূরে থাকবে গাছের পোকা।
কয়েকটি রসুনের কোয়া নিয়ে নিন। এরপর থেঁতলে একটি পাত্রে রাখুন। পানি গরম করে ওই রসুনের পাত্রে ঢেলে দিন। সারারাত রেখে দিন। সকালে স্প্রে বোতলে ঢেলে গাছে স্প্রে করুন।
নিম তেল: গাছে ছত্রাক বা পোকামাকড় ধরলে তা সরিয়ে দিতে নিম তেল খুবই কার্যকরী। বোতলের পানিতে নিম তেল গুলে নিয়ে স্প্রে করলে পোকামাকড় তাড়াতে দারুণ কাজে দেয়।
গাছের যে অংশে মিলিবাগ দেখতে পাবেন, সেখানে নিম তেল স্প্রে করে দিতে পারেন। এটি মিলিবাগের ডিম এবং বড় মিলিবাগের চারপাশে থাকা মোমের আবরণ ধ্বংস করতে সক্ষম।
তথ্যসূত্র- হিন্দুস্তান টাইমস, প্ল্যানেট ন্যাচারাল


ছোট ফ্ল্যাট, কোথায় করবেন শখের বাগান
যত্নে রাখুন ইনডোর প্ল্যান্ট
ঘরে রাখা গাছের পাতা হলুদ হয়ে গেলে কী করবেন?
