‘যে সত্য কোনো কাজে আসে না, তাকে জ্বলে-পুড়ে শেষ হতে দাও’

পুরো সিনেমাতে আসলে গল্পই মূল নায়ক। মালায়লম ভাষার বেশির ভাগ সিনেমাতেই এই গুণ দারুণভাবে উপস্থিত থাকে। ‘কিষ্কিন্ধা কান্দাম’-এও এর ব্যতিক্রম হয়নি।

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ এএম

কিষ্কিন্ধা কান্দাম চলচ্চিত্রের দৃশ্যে আসিফ। ছবি: আইএমডিবি থেকে নেওয়া

একদিকে বিয়ের কাজ চলছে। অন্যদিকে হারিয়ে গেছে বন্দুক। পুলিশ চলে এসেছে বাসায়। এখন বিয়ের কাজ আগে হবে, নাকি বন্দুক খুঁজতে হবে? এভাবে এক দোটানার মধ্যেই শুরু হয় গল্প। আর এরপর ক্রমে এক রহস্যাবৃত আবহে ঢুকে পড়তে হয় দর্শকদের। পরতে পরতে চমকে দিয়ে এমন এক সত্য উদঘাটিত হয় শেষে, যখন বলতেই হয় যে—‘যে সত্য কোনো কাজে আসে না, তাকে জ্বলে-পুড়ে শেষ হতে দাও!’

বলা হচ্ছে ‘কিষ্কিন্ধা কান্দাম’ নামের একটি সিনেমার কথা। ভারতের মালায়লম ফিল্ম ইন্ডাস্ট্রির এই ছবিটি চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পায় স্থানীয় সিনেমা হলগুলোতে। সম্প্রতি এটি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার-এ মুক্তি পেয়েছে। সিনেমাটির দৈর্ঘ্য প্রায় ১২৫ মিনিট। এর পরিচালক দীনজিথ আয়াথান। আর গল্প লিখেছেন বাহুল রমেশ।

সিনেমাটির দৃশ্যে অপর্ণা ও আসিফ। ছবি: আইএমডিবি থেকে নেওয়া

আগেই জেনেছেন যে, বিয়ে আর বন্দুক খোঁজার কাজ পাশাপাশি চলছিল। আসলে বিয়ের আনন্দে কিছুটা বাদ সেধেছিল হারিয়ে যাওয়া বন্দুক। বিয়ে হচ্ছিল অজয়চন্দ্রনের, দ্বিতীয় বিয়ে। স্বাক্ষর করে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করার ঠিক আগেই চলে আসে পুলিশের ফোন। স্থানীয় নির্বাচনের আগেই লাইসেন্স করা বন্দুক জমা দেওয়ার নির্দেশ আসে। আবার ওই দিনই ছিল শেষ দিন। ফলে পুলিশেরও ছিল তাড়াহুড়ো। সেই তাড়ায় নিজেরাই বন্দুক সংগ্রহ করতে অজয়ের বাসায় চলে যায় তারা। কিন্তু বাসায় একা ছিলেন বন কর্মকর্তা অজয়ের বাবা আপ্পু পিল্লাই। এই চরিত্রটি আবার বেশ বদমেজাজীও। একসময় সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, শৃঙ্খলাও কঠোর, মেজাজও সেরকম। ফলে পুলিশের সঙ্গে কী করে বসে বাবা, সেই দুশ্চিন্তাতেই কোনো রকমে বিয়ে সেরে বাড়ির পথ ধরে অজয়। কিন্তু ফেরার পথে বাবার সাথে টেলিফোন কথোপকথনেই স্পষ্ট হয়ে যায়, বেশ কিছুদিন হয় হারিয়ে গেছে বন্দুক! কিন্তু পুলিশকে তা জানানো হয়নি ইচ্ছে করেই।

এভাবেই ‘কিষ্কিন্ধা কান্দাম’ সিনেমার প্রথম রহস্যাবৃত বিষয়টি সামনে আসে। কীভাবে হারিয়েছে বন্দুক? কেন সেই বন্দুক হারানোর খবর বাবা-ছেলে লুকিয়ে রাখতে চায়? কেন বাবার অদ্ভুত আচরণ নিয়ে কথা বলতে চায় না ছেলে? দ্বিতীয় স্ত্রীকে পরিবারের সবকিছু কি খুলে বলছে না অজয়? কেন নিজের প্রথম সন্তানের হারিয়ে যাওয়া নিয়ে নীরবে কেঁদে যাওয়া ছাড়া ঠিকঠাক অনুসন্ধানে কিছুটা অনীহা অজয়ের?

একটি দৃশ্যে বিজয় রাঘবন। ছবি: সংগৃহীত

সময়ের সাথে সাথে গল্প যত এগিয়েছে, এসব প্রশ্নের সঙ্গে যুক্ত হয় আরও আরও প্রশ্ন। তাতে অরণ্য, পরিবার, বন্দুক ও বানর একাকার হয়ে যায়। বানর কেন? কারণ গাছে গাছে ঝোলা এক বন্য বানরের হাতে বন্দুক বা পিস্তল থাকার ছবি দেখেই যে বাবা-ছেলের ওপর পুলিশ ও প্রশাসনের চাপ আরও বাড়ে। তাদের সন্দেহ হয় বাবা-ছেলের হারিয়ে যাওয়া পিস্তলের গল্পে। শুরু হয় তল্লাশি, অনুসন্ধান। আর এতেই বেরিয়ে আসে এমন এক সত্য, যা অজয়ের নববধূকে এক নিদারুণ বাস্তবতার মুখোমুখি করে।

পুরো সিনেমাতে আসলে গল্পই মূল নায়ক। মালায়লম ভাষার বেশির ভাগ সিনেমাতেই এই গুণ দারুণভাবে উপস্থিত থাকে। ‘কিষ্কিন্ধা কান্দাম’-এও এর ব্যতিক্রম হয়নি। এর সঙ্গে ছিল দুর্দান্ত সিনেমাটোগ্রাফি। এত সবুজ পর্দায় দেখলে সত্যি ভালোই লাগে। আলাদা করে বলতে হয় সিনেমার আবহসংগীতের কথা। বিশেষ করে ক্লাইম্যাক্সে এর ব্যবহার একেবারে নিখুঁত হয়েছে।

অভিনয়ের ক্ষেত্রে মূলত দুজন অভিনয়শিল্পীর উল্লেখ করতেই হয়। অজয় চরিত্রে আসিফ আলী ও আপ্পু পিল্লাইয়ের ভূমিকায় বিজয় রাঘবন। আসিফ স্বভাবতই দারুণ অভিনয় করেছেন। বাবা ও ছেলের প্রতি একজনের আবেগ, ভালোবাসা ও নিখাদ অসহায়ত্ব বোঝাতে পেরেছেন কতটা অবলীলায়! অন্যদিকে বিজয় রাঘবন অভিনয় দক্ষতার এক প্রদর্শনী আয়োজন করেছিলেন যেন! এতটা সাবলীল অভিনয় সচরাচর দেখা যায় না।

‘কিষ্কিন্ধা কান্দাম’ আসলে একটি নিখুঁত চিত্রনাট্যের সিনেমা। চিত্রনাট্যে খুঁত না থাকায় পরিচালনা ও অভিনয়েও লেটার মার্ক পাবে এই ছবি। শেষটায় দর্শকদের চোখ ভিজিয়ে দেবে পর্দার বাবা-ছেলের আবেগময় রসায়ন। আর কানে বাজবে ওই একটি কথাই—‘যে সত্য কোনো কাজে আসে না, তাকে জ্বলে-পুড়ে শেষ হতে দাও!’

রেটিং: ৪.৫০/৫.০০
পরিচালক: দীনজিথ আয়াথান
গল্প ও চিত্রনাট্য: বাহুল রমেশ
অভিনয়শিল্পী: আসিফ আলী, বিজয় রাঘবন, অপর্ণা বালামুরালি প্রমুখ 
ভাষা: মালায়লম 
ধরন: ড্রামা, মিস্ট্রি, থ্রিলার
মুক্তি: ১৯ নভেম্বর ২০২৪/ডিজনি প্লাস হটস্টার

ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
লোডিং...

এলাকার খবর