গোটা বিশ্বের মতো বাংলাদেশের দর্শকদের কাছেও বেশ জনপ্রিয় ‘গেমস অব থ্রোনস’। ক’দিন আগে সেই সিরিজের রাজকন্যা ডেনেরিস টারগেরিয়ান লুকে হাজির হয়ে ভক্তদের চমকে দেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিকমাধ্যমে তাঁর ‘মাদার অব ড্রাগন’ লুক ইতিমধ্যেই ভাইরাল!
সেই রেশ কাটতে না কাটতে রোববার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিন্নধর্মী আরও কিছু ছবি শেয়ার করেছেন সাদিয়া। যেখানে তাঁর পরনে হলুদ জাম্পস্যুট, হাতে তলোয়ার বা সামুরাই! দেখে মনে হয় যেন কোনো জাপানিজ কিংবা চাইনিজ ছবির চরিত্র, তারই শুটিং চলছে! কিন্তু না, সাদিয়ার এই লুক মূলত কিংবদন্তি নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো পরিচালিত ‘কিলবিল’ ফ্র্যাঞ্চাইজির বিখ্যাত ‘দ্য ব্রাইড’ চরিত্রের পুনঃসৃষ্টি!

‘রাজকন্যা ডেনেরিস’ ও ‘দ্য ব্রাইড’ লুক দুটির সূত্র ধরে সাদিয়া আয়মানের সঙ্গে কথা হলে জানা যায়, সম্প্রতি তিনি একটি মুঠোফোন কোম্পানির নতুন বিজ্ঞাপনে কাজ করেছেন, যেখানে তাঁকে আরও একটি বিখ্যাত লুকে দেখা যাবে! সেটি শূন্য দশকের জনপ্রিয় হিন্দি টিভি সিরিজ ‘কসৌটি জিন্দেগি কে’র মুখ্য চরিত্র ‘কমলিকা’ রূপে! ইতিমধ্যে ইনস্টাগ্রামে এই লুকও শেয়ার করেছেন তিনি।
জানা যায়, জনপ্রিয় এই তিন চরিত্রের পাশাপাশি বিজ্ঞাপনটিতে স্বরূপে থাকছেন সাদিয়া নিজেও! এমন ব্যতিক্রমধর্মী একটি কাজ করতে পেরে অভিনেত্রী নিজেও বেশ আনন্দিত। ইনডিপেনডেন্ট ডিজিটালকে তিনি বলেন, ‘সবচেয়ে বেশি মজা লেগেছে ফাইটিং সিনগুলো। কমলিকা বা ডেনেরিসের ক্ষেত্রে আমি কেবল গেটআপ নিয়েছি, কিন্তু দ্য ব্রাইডের ক্ষেত্রে আমাকে ফাইটিং প্র্যাকটিস করতে হয়েছে। শুটিংয়ের আগের দিন গিয়ে রিহার্সাল করেছি। তলোয়ার হাতে নেওয়ার পরই মনে হচ্ছিল যে, আই অ্যাম আ ফাইটার! এখন আমার মার্শাল আর্ট কিংবা সোর্ড ফাইটিং শেখার ইচ্ছে তৈরি হয়েছে।’
যোগ করে বলেন, ‘সব মিলিয়ে এটা একটা মজার প্রজেক্ট। কাজ করেও খুব ভালো লেগেছে। একই দিনে তিন-তিনটা বিখ্যাত চরিত্রে অভিনয় করা, আবার সাদিয়া আয়মান হয়েও অভিনয় করেছি—এটা আসলে খুবই মজার ছিল।’
জানা যায়, ভিন্নধর্মী বিজ্ঞাপনটি শিগগিরই প্রচারে আসছে। এটি পরিচালনা করেছেন নাসের হাসিব সিদ্দিকী। কস্টিউমে ছিলেন বিজয়া, মেকআপ করেছেন শফিক।
এদিকে, সাদিয়া আয়মানকে সর্বশেষ দেখা গেছে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ চলচ্চিত্রে। যেখানে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন সৌম্য জ্যোতি। সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর।
অভিনেত্রী জানান, সম্প্রতি তাঁর কাছে বেশ কিছু সিনেমা, ওয়েব ফিল্ম ও সিরিজের প্রস্তাব রয়েছে। সেগুলো থেকে ভালোলাগার চিত্রনাট্যগুলো বেছে নেবেন তিনি।


কবে আসছে ‘দ্য ব্যাটম্যান পার্ট ২’
ওটিটিতে নিশোর বিপরীতে নাবিলা
