সারা বিশ্বে তেলের দাম বৃদ্ধি পেলেও বিএনপি জনগণের দুর্দশার কথা চিন্তা করে ফসলের সময় তেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ শনিবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ক্ষুদ্র-নৃ -গোষ্ঠীর মাঝে ছাগল এবং ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে গবাদিপশু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, ‘বিএনপি জনগণের কাছে যে কথা দিয়েছে কথার বরখেলাপ করে নাই। সে জন্যই সারা পৃথিবীতে তেলের দাম বৃদ্ধি পেলেও বিএনপি জনগণের দুর্দশার কথা চিন্তা করে ফসলের সময় তেলের দাম বাড়ায় নাই। তাই কোনো অবস্থাতেই কোনো ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রতে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না।’
ডা. জাহিদ হোসেন আরও বলেন, ‘জনগণের কাছে দায়বদ্ধতা বিএনপির সবচেয়ে বেশি। কারণ দেশের সর্বাধিকসংখ্যক মানুষ তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশের মানুষের সেবা করার জন্য। বিএনপির দায় জনগণের প্রতি সবচেয়ে বেশি। বিএনপি জানে জনগণের কষ্ট কী, জনগনের দুঃখ কী, জনগণের দুর্দশা কীভাবে লাঘব করতে হয়। সেই জন্যই ৫৪ দিনের মধ্যেই ফ্যামিলি কার্ড শুরু হয়েছে, কৃষকের কৃষি ঋণ মাফ হয়েছে, খাল খনন শুরু হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে কৃষক তার কৃষি কার্ড পাবে।’
মন্ত্রী আরও বলেন ‘গণতন্ত্রে কোনো অবস্থাতেই একপক্ষীয় জিনিস ভালো না। আমরা চাই গণতন্ত্রের যা মাধুর্য আপনি আপনার কথা বলবেন, আমার কথা আমি বলব। জনগণ সিদ্ধান্ত নেবে কোনটা গ্রহণ করবে কোনটা গ্রহণ করবে না। জনগণ সার্বভৌম। জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ বর্তমান সার্বভৌম সংসদ।’


