রাজধানীর মোহাম্মদপুরের বেরিবাঁধ এলাকায় মাইক্রোবাসের এসির গ্যাস লিকেজ থেকে আগুন লেগে আবুল হোসেন ও মো. বাশার নামে দুজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধ আবুল হোসেনের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ধলপা গ্রামে। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর আদাবর এলাকার শ্যামলীতে বসবাস করেন। তার বাবার নাম মৃত তারামিয়া। অপর দগ্ধ বাশারের বাড়ি হবিগঞ্জে। তিনি বর্তমানে ঢাকার পল্লবী এলাকায় পরিবারের সঙ্গে থাকেন। স্বজনরা জানান, আবুল হোসেন পেশায় গাড়িচালক এবং বাশার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
হাসপাতালে আবুল হোসেনের স্ত্রী জেসমিন জানান, মাইক্রোবাস নিয়ে মোহাম্মদপুরের বেরিবাঁধ পার হওয়ার সময় এসির গ্যাস লিকেজ ছিল, যা তারা বুঝতে পারেননি। পরে সিগারেট ধরানোর সময় হঠাৎ আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. হারুনুর রশিদ। তিনি জানান, আবুল হোসেনের শরীরের প্রায় ১২ শতাংশ দগ্ধ হয়েছে এবং অপরজন সামান্য আহত হয়েছেন। বর্তমানে তাদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।


