বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের ভারত থেকে বের করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ। সোমবার পশ্চিমবঙ্গের বীরভূমে নির্বাচনি প্রচারে এ কথা বলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেন, হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি করে বিজেপি।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজনীতি। নির্বাচনি প্রচারে ব্যস্ত ক্ষমতাসীন তৃণমূল ও বিরোধী বিজেপি। এবার তৃণমূল ২২৬টির বেশি আসন পাবে বলে আশা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।
‘আমি যদি মিথ্যে না হই তবে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আমরা ২২৬ টার বেশি আসন পাব। ৪ মে ভোট গণনার দিন বিজেপি প্রথমে রটিয়ে দেবে যে ওরাই জিতছে। কিন্তু আপনারা একদম বিশ্বাস করবেন না’ – বলেছেন মমতা বন্দোপাধ্যায়।
দিল্লিতেও বিজেপি সরকারের পতন হবে বলে মন্তব্য করেন মমতা। অভিযোগ করেন, হিন্দু-মুসলিম বিভাজনের টার্গেট বিজেপির। ‘আগামী দিনে দিল্লিতেও বিজেপি সরকারের পতন হবে। কারণ, কেন্দ্রে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতার সরকার নেই। দিল্লির রাজনীতি যদি আমি একটুও বুঝে থাকি তবে ২০২৬ সাল থেকে ওদের অধঃপতন শুরু হয়ে গেছে। ভোট বাক্সে তোমরা হিন্দু-মুসলিম করো। কিন্তু কাশ্মীরের পেহেলগাঁও ঘটনার পরেও ইন্ডিয়া কেন পাকিস্তানের সাথে ক্রিকেট ম্যাচ খেলতে গিয়েছিল? তোমরা যখন দুবাই যাও মুসলিম সম্রাটের গলায় কোলাকুলি করো, তখন হিন্দু মুসলিম কোথায় থাকে?’ – বলেছেন মমতা।
এদিকে, পশ্চিমবঙ্গের মানুষ মমতার সরকারকে প্রত্যাখ্যান করবে বলে দাবি বিজেপি নেতা অমিত শাহের। বীরভূমে তিনি বলেন, এবারের নির্বাচন অনুপ্রবেশকারীদের ভারত থেকে বিতাড়িত করার নির্বাচন।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘আপনারাই বলুন, মমতা দিদি বা তার ভাতিজা কি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে পারবেন? কিন্তু বিজেপির প্রতিশ্রুতি, শুধু পশ্চিমবঙ্গ থেকেই নয়, গোটা দেশে অনুপ্রবেশকারীদের সনাক্ত করে দেশের বাইরে বের করে দেয়া হবে।’
পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অসন্তোষ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজ্যের নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন মমতা।


