শেয়ারবাজারে 'মার্জিন রুলস-২০২৫' বাস্তবায়নে ব্রোকারেজ হাউজগুলোর প্রস্তুতির বিষয়ে জানতে চেয়ে ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (ডিবিএ) চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে শেয়ারবাজারে 'মার্জিন রুলস-২০২৫' বাস্তবায়নে ব্রোকারেজ হাউজগুলোকে প্রস্তুতি নিতে ৬ মাসের সময় বেধে দিয়েছিল বিএসইসি। কমিশনের বেধে দেওয়া সময় আগামী ৩০ এপ্রিল শেষ হতে যাচ্ছে।
এ প্রেক্ষিতে, নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই ব্রোকারেজ হাউজগুলো প্রস্তুতির জন্য অতিরিক্ত ৩ মাসের সময় চেয়ে আবেদন করে। তারই প্রতিক্রিয়ায় নতুন মার্জিন রুলস বাস্তবায়নে হাউজগুলো কতটা প্রস্তুত তা জানতে ব্রোকারেজ হাউজগুলোর সংগঠন ডিবিএ-কে চিঠি পাঠিয়েছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
মূলত ডিবিএ'র তরফে অতিরিক্ত ৩ মাস সময় চেয়ে করা আবেদনের যৌক্তিকতা যাচাই করতেই ব্রোকারেজ হাউজগুলোর প্রস্তুতির বিষয়টি জানতে উদ্যোগ নিয়েছে বিএসইসি।


