টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ‘কৃষক কার্ড’ নেওয়া কবির হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বেশ সমালোচনা। তিনি প্রকৃত কৃষক কি না, উঠেছে সেই প্রশ্ন। কবির হোসেনের দাবি, ফেসবুকে তিনি কনটেন্টও বানান। এআই দিয়ে বানানো তার ছবি ছড়িয়ে গুজব রটানো হচ্ছে।
স্থানীয় কৃষকেরা বলছেন, নিজের জমি না থাকায় অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে কবির হোসেন। কৃষি বিভাগ বলছে, প্রকৃত কৃষকদের দেওয়া হয়েছে কার্ড। জেলা প্রশাসন তদন্ত করে জানিয়েছে, কবির হোসেন প্রকৃত কৃষক।
গত ১৪ এপ্রিল টাঙ্গাইল শহিদ মারুফ স্টেডিয়াম থেকে সারা দেশে ডিজিটাল কৃষক কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লকের অধীন ১৪৫৩ জনকে দেওয়া হয় কৃষক কার্ড। এ সময় প্রধানমন্ত্রী ১৫জন কৃষকের হাতে তুলে দেন কৃষক কার্ড। এই তালিকায় থাকা কবির হোসেনের ছবি ঘিরেই এখন নেট দুনিয়ায় তোলপাড়।
তবে মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। নিজের সেচ পাম্প থেকে পানি দিয়ে বর্গা নেওয়া জমিতে পরম মমতায় কাজ করছেন কবির হোসেন। কখনো হাতে কাঁচি নিয়ে নিড়াচ্ছেন ঘাস, কখনো বা মনের সুখে গান গেয়ে মাতিয়ে রাখছেন ফসলের মাঠ।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষক কবির হোসেনের কৃষক কার্ডের ছবি ও এআই দিয়ে বানানো ছবি পোষ্ট করে দাবি করা হয় তিনি প্রকৃত কৃষক নন। বিতর্ক শুরু হওয়ার পর বিষয়টি খতিয়ে দেখতে কবির হোসেনের বাড়িতে ছোটেন কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয় কৃষক ও এলাকাবাসীর তথ্যে তারা কবিরের কৃষিনির্ভর জীবনের সত্যতা পান।
এলাকাবাসী ও স্থানীয় কৃষকেরাও বলছেন, কবির হোসেন পুরোদস্তর একজন কৃষক। তবে টিকটক ও ফেসবুকে তার ঝোঁক বেশি হওয়ার ফেসবুকে সেই ছবি ও ভিডিও পোষ্ট করেন নিয়মিত।
নিজের জমি না থাকলেও অন্যের জমি বর্গা নিয়ে চাষ করার দাবি ভাইরাল কৃষক কবির হোসেনের। কবির হোসেন বলেন, আমি একজন কৃষক। কৃষি কাজের পাশাপাশি আমি ফেসবুক কনটেন্ট ক্রিয়েট করি। ওই সময় আমি এআই দিয়ে কিছু ছবি ডাউনলোড করেছিলাম। সেগুলো নিয়ে ট্রল হচ্ছে।
তিনি বলেন, আমার ফেসবুকে শত শত ছবি। শুধু ওইসব দেখলেন, ঘামে, মাঠে যে কাজ করি তার ছবি দেখলেন না। পেজের জন্য, বড় করার জন্য মিথ্যা অপপ্রচার এটা ঠিক না।
কবির হোসেন বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। এগুলোর সুষ্ঠু বিচার চাই। আপনারা আসেন, দেখেন। যদি আইনত দোষী হই, তদন্ত করেন সাজা দেন। আমি কৃষক বলে কি আমার পরিষ্কার জামা–কাপড় পরতে নাই। মিথ্যা অপপ্রচার যেন আর না হয়।
জেলা প্রশাসনের পক্ষে করা তদন্তে কবির হোসেন প্রকৃত কৃষক বলে জানানো হয়েছে। এ ছাড়া ভাইরাল হওয়ার ঘটনায় প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত করা হচ্ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আশেক পারভেজ। তিনি বলেন, যেহেতু একটি বিষয় ভাইরাল হয়েছে। ওই কৃষকের বক্তব্য আমরা নিয়েছি।


