দেশের আর্থিক খাত, রাজস্ব ব্যবস্থা ও মুদ্রা বিনিময় হারে ব্যাপক সংস্কার দরকার বলে মনে করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ। সংস্থাটির মতে, টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এই তিন খাতে গভীর ও ধারাবাহিক সংস্কার প্রয়োজন।
ওয়াশিংটনে আইএমএফ-বিশ্বব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অতিরিক্ত অর্থায়নের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত মিললেও, চলমান ঋণের কিস্তি সময়মতো মিলবে কি-না, তার নিশ্চয়তা পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল থেকে ওয়াশিংটনে চলছে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠক, যা শেষ হবে ১৮ এপ্রিল। বৈঠকে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ মোট ১৪ জন।
বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল ও টেকসই করতে তিন খাতে ব্যাপক সংস্কারের ওপর জোর দিয়েছে আইএমএফ। সংস্থাটি বলেছে, আর্থিক খাত, রাজস্ব ব্যবস্থা এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে, যেগুলোর দ্রুত সমাধান প্রয়োজন।
আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের মতে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও চ্যালেঞ্জের মুখে রয়েছে। তাই সঠিক নীতিগত পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করা জরুরি।
এদিকে, অর্থমন্ত্রী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সৃষ্ট আর্থিক ঘাটতি পূরণে আইএমএফ ও বিশ্বব্যাংক বাংলাদেশকে নিয়মিত বাজেট সহায়তার পাশাপাশি বাড়তি অর্থসহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। শর্তপূরণ সন্তোষজনক হলে ঋণের পরবর্তী কিস্তি ছাড় দেবে সংস্থাটি।
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, এটা একটা চলমান প্রক্রিয়া, একটা প্যাকেজ। এটা প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকবে। আমার যে ধারণা, বাংলাদেশের পক্ষে আমরা একটা ইমপ্রুভড প্যাকেজ পাব।
বাংলাদেশকে সামনের দিনগুলোতে আরও বাস্তবমুখী ও শক্তিশালী অর্থনৈতিক নীতি গ্রহণের পরার্মশ দিয়েছে আইএমএফ। একই সঙ্গে সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানানো হয়েছে।


