পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে আজ বিভিন্ন স্থানে সহিংসতার অভিযোগ তুলেছেন বিজেপির প্রার্থীরা। উত্তর দিনাজপুরের কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁকে আক্রমণ করেছেন। তিনি জানান, একাধিক ভোটকেন্দ্র থেকে বিজেপির নির্বাচনী এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়। পরিস্থিতি দেখতে গিয়ে ২৪ নম্বর বুথে গেলে তাঁকে ধাওয়া করে হেনস্তা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
একই ধরনের অভিযোগ উঠেছে আসানসোল দক্ষিণে। সেখানে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল–এর গাড়িতে ভাঙচুরের অভিযোগ করা হয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বার্নপুরের রহমতনগরে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি থানায় অভিযোগও দায়ের করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে বিক্ষিপ্ত সহিংসতার অভিযোগ থাকলেও সামগ্রিকভাবে ভোটগ্রহণকে ‘মূলত শান্তিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন সিপিআই (এম)-এর মহম্মদ সেলিম। তিনি বলেন, বীরভূম ও মুর্শিদাবাদের কিছু এলাকায় সামান্য অশান্তির ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য নির্বাচন কমিশনের অযোগ্যতাকেই দায়ী করেন তিনি। ইতিমধ্যে কয়েকটি ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে।
ভোটের চিত্রে দেখা গেছে, প্রথম দফায় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বিকেল তিনটা পর্যন্ত গড় ভোট পড়েছে ৭৮ দশমিক ৭৭ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ আসনে, ৮৭ দশমিক ৫৩ শতাংশ। লালগোলা ও ভগবানগোলা আসনেও ভোটের হার ছিল যথাক্রমে প্রায় ৮৫ ও ৮৪ শতাংশ।
বিশেষ করে যেসব এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে আগে উদ্বেগ ছিল, সেসব জায়গায় ভোটার উপস্থিতি বেশি দেখা গেছে। অনেক পরিযায়ী শ্রমিক অন্য রাজ্য থেকে ফিরে এসে ভোট দিয়েছেন। অন্যদিকে নন্দীগ্রামে বিকেল তিনটা পর্যন্ত ভোট পড়েছে ৮১ দশমিক ৩ শতাংশ। সর্বনিম্ন ভোট পড়েছে পুরুলিয়া আসনে, ৭২ দশমিক ২২ শতাংশ।


