ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে গঠন করা হয়েছে বিশেষজ্ঞ দল। তারাই নির্ধারণ করবে সংশোধিত চুক্তির শর্ত ও মেয়াদ। পানি সম্পদমন্ত্রী জানান, শুধু গঙ্গা নয়, অভিন্ন সব নদীর পানিবন্টণ চুক্তি চাইবে বাংলাদেশ। আর বিশ্লেষকেরা বলছেন, ন্যায্যতা ও জলবায়ু পরিবর্তনকে আমলে রেখে পানির সুষম হিস্যা নিশ্চিত করতে হবে।
দুদেশের ভবিষ্যৎ সম্পর্ক নির্ভর করছে গঙ্গার পানি নিয়ে ভারতের অবস্থানের ওপর। আর এটিই হবে দিল্লির জন্য প্রথম পরীক্ষা। সম্প্রতি ভারতের গণমাধ্যমে এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
ভারতের সঙ্গে ৩০ বছরের গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে। কিন্তু অন্তর্বর্তী সরকারের সাথে এ নিয়ে কোনো আলোচনাই হয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কমিটি।
পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, গঙ্গার পাশাপাশি ৫৪টি অভিন্ন নদীর পানিবন্টন নিয়ে কাজ করছেন তারা। তিনি বলেন, আমাদের একটি বিশেষজ্ঞ টিম তাদের গবেষণা নিয়ে ব্যস্ত আছে। বাংলাদেশের স্বার্থ রক্ষায় ৫৪টি নদী দিয়ে পাশ্বর্তী দেশের সঙ্গে আলাপ হবে।
গঙ্গা চুক্তি নিয়ে যৌথ নদী কমিশনের প্রস্তুতি জানতে পানি ভবনে এলেও। কমিশনের কর্মকর্তারা এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো তথ্য দিতে রাজি হননি।
জানা গেছে, দুই দেশই চুক্তি নবায়নের কথা ভাবছে। চাইছে পানির হিস্যা বাড়াতে। বিশ্লেষকেরা বলেন, শুষ্ক মৌসুমে ফারাক্কা ব্যারাজে গঙ্গার পানির সমান ভাগ হওয়ার চুক্তি ছিলো। কিন্তু ৩০ বছর বঞ্চিত হয়েছে বাংলাদেশ। পদ্মা পাড়ের বিরাণভূমি তারই কুফল। তাই চুক্তি নবায়নে ঢাকাকে সর্তক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।
জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়টি সেই চুক্তিতে ছিল না। বর্তমান চুক্তিটি আগের তথ্যের ভিত্তিতে হয়েছে। নতুন চুক্তিতে সাম্প্রতিক উপাত্তগুলো ব্যবহার করা দরকার।
উজানে উত্তরাখণ্ড, বিহারে বিভিন্ন ড্যাম ও ব্যারাজ দিয়ে গঙ্গার পানি প্রত্যাহার করে নিচ্ছে ভারত। তাই বিশেষজ্ঞরা বলেন, পুরো নদীর পানিপ্রবাহ হিসেব করে ভাগ করতে হবে। শুধু ফারাক্কার পয়েন্ট নিয়ে পড়ে থাকলে হবে না।


