ঘূর্ণিঝড় মিধিলি: চট্টগ্রাম–বরিশালে জলাবদ্ধতা

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও বরিশাল নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টিতে চট্টগ্রামের চকবাজারসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তি সৃষ্টি হয়। বাসা-বাড়িতে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েন নগরবাসী। এদিকে, বরিশালের ৩০টি ওয়ার্ডের প্রায় সব রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েন বাসিন্দারা। 

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে চট্টগ্রামে আজ শুক্রবার সকাল থেকে ভারী বৃষ্টিতে দেখা দেয় জলাবদ্ধতা। চকবাজারের ফুলতলী, ঘাসিয়ারপাড়াসহ বিভিন্ন এলাকায় ডুবে যায় সড়ক। এতে ভোগান্তিতে পড়েন ওইসব এলাকার বাসিন্দারা। 

ভুক্তভোগীরা বলছেন, দীর্ঘদিন নালা-নর্দমা পরিষ্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই দেখা দিয়েছে জলাবদ্ধতা। 

চট্টগ্রাম নগরীর বাসিন্দা করিম বলেন, ‌‌‘জলাবদ্ধতা হলেই মানুষের বাসাবাড়িতে পানি ঢুকে চরম কষ্টে দিনাতিপাত করতে হয়। নিত্যপ্রয়োজনীয় কাজে যেতে হয় হাঁটু থেকে কোমর সমান পানি মাড়িয়ে।’

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি বলে জানান স্থানীয় বাসিন্দারা। জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নগরবাসীর। 

এদিকে, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই টানা বৃষ্টি হয় বরিশালে। আবহাওয়া অফিসের তথ্যমতে, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

টানা বৃষ্টিতে নগরীতে দেখা দেয় জলাবদ্ধতা। তলিয়ে যায় নগরীর ৩০টি ওয়ার্ডের প্রায় সব রাস্তাঘাট। প্রধান প্রধান সড়কে হাঁটু পানি থাকায় বিপাকে পড়ে সাধারণ মানুষ। 

বরিশাল নগরীর বাসিন্দারা জানান, গত ১০ বছরে এলাকার জলাবদ্ধতার সমস্যা সমাধান হয়নি। একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে। প্রতিনিয়ত জনপ্রতিনিধিরা আশা দিয়ে থাকলেও এর কোনো সমাধান করেননি।