স্যাকনিলক.কমের রিপোর্ট অনুসারে করণ জোহর পরিচালিত এ ছবিটি প্রথম তিন দিনে আয় করেছে ৪৬ কোটি রুপি। শুক্রবার এই আয় ছিল ১১.১ কোটি, দ্বিতীয় দিনে ১৬.০৫ কোটি আর তৃতীয় দিনে ১৯ কোটি। যা প্রথম দিনের প্রায় দ্বিগুণ।
গতকাল (৩০ জুলাই) ধর্ম প্রোডাকশনও সোশ্যাল মিডিয়ায় ছবিটির বক্স অফিস পরিসংখ্যান শেয়ার করেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের মতে, বক্স অফিসে সাফল্যর পাশাপাশি প্রশংসা পেয়েছে ছবিখানা। সমালোচকরাও ঢের প্রশংসা করছেন।
এমন রমরমা ব্যবসার বিষয়টি উদযাপন করছেন আলিয়া। আজ (৩১ জুলাই) সবাইকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন তিনি। রণবীর ও করণ জোহরের সঙ্গে ছবি শেয়ার করে নেন নায়িকা।
আর সঙ্গে লেখেন, ‘ভালোবাসা থাকা মানেই সব আছে! আমাদের হৃদয়ের অন্তর থেকে... সমস্ত ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ... চির কৃতজ্ঞ! রকি, রানি আর আমাদের এই কাহিনির নির্মাতার পক্ষ থেকে সকলকে ভালোবাসা।’
গল্প অনুসারে, রকি ( রণবীর সিং) ও রানি (আলিয়া); তাদের প্রেম নিয়েই ছবির কাহিনি। রকি ফিটনেস ফ্রিক, পাঞ্জাবি মুণ্ডা। আর আলিয়া বাঙালি পরিবারের মেয়ে, পেশায় সাংবাদিক। দুজনেই ভিন্ন মেরুর। পরিবারও একে-অপরের থেকে আলাদা। কীভাবে হবে বিয়েটা, সেটা নিয়েই এই সিনেমা। ছবিতে আরও অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়।