ইসরায়েল-হামাস যুদ্ধে যেতে চাকরি ছাড়লেন সুইফটের দেহরক্ষী

ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে চলমান যুদ্ধে যোগ দিতে চাকরি ছাড়লেন পপশিল্পী টেলর সুইফটের এক নিরাপত্তারক্ষী। হামাসের বিরুদ্ধে দেশের জন্য লড়াই করার জন্য যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে ফিরেছেন তিনি।

নিরাপত্তাজনিত কারণে নিজের পরিচয় গোপন রেখেছেন ওই ব্যক্তি। খবর—নিজের দেশের ওপর হামাসের প্রতিনিয়ত আক্রমণের ঘটনা দেখে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এরপরই দেশের প্রতিরক্ষা বাহিনী আইডিএফে যোগদানের সিদ্ধান্ত নেন ওই নিরাপত্তারক্ষী। গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের প্রথম হামলার পরই আমেরিকা থেকে ইসরায়েলের উদ্দেশে রওনা দেন তিনি।

জানা যায়, ইসরায়েলেই জন্ম ওই নিরাপত্তারক্ষীর। কাজের সূত্রে আমেরিকায় গিয়েছিলেন তিনি। টেলরের সঙ্গে থেকেছেন সর্বক্ষণ। এক বিবৃতিতে তিনি লেখেন, ‘আমেরিকায় আমি সুন্দর একটা জীবন পেয়েছি। এমন একটা কাজ করতে পেরেছি, যা আমি করতে ভালোবাসি। আমার পাশে এমন বন্ধুরা রয়েছেন, যাঁদের আমি পরিবার বলে মনে করি। আমার ইসরায়েলে ফেরার দরকার ছিল না। কিন্তু এই নিরীহ মানুষগুলোকে মরতে দেখে আমি আর থাকতে পারিনি। শুধু মাত্র ইহুদি হওয়ার জন্য ওদের যখন জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, তখন তা আমি আর দাঁড়িয়ে দেখতে পারি না।’

প্রসঙ্গত, টেলর সুইফট এখন পর্যন্ত ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। পপ তারকা বর্তমানে তাঁর সিনেমা ‘ইরাস ট্যুর কনসার্ট ফিল্ম’-এর প্রচারণায় ব্যস্ত রয়েছেন তিনি।

গত ৭ অক্টোবর ভোরে গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা আকস্মিক এক হামলায় ইসরায়েলকে হতবিহ্বল করে দেয়। তাদের ওই নজিরবিহীন হামলায় ইসরায়েলের অন্তত ১৩০০ জন নিহত হন। হামাসের যোদ্ধারা প্রায় ২০০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এরপর থেকে গাজায় ভয়াবহ বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইসরায়েল। সেখানে নিহতের সংখ্যা ৩ হাজার ৫০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।