এই মুহূর্তে ভারতীয় টিভি শো ‘ডান্স বাংলা ডান্স’র বিচারক হিসেবে পাওয়া যাচ্ছে তাকে। প্রতিযোগীদের হাড্ডাহাড্ডি লড়াই বেশ উপভোগ করছেন বিচারক শুভশ্রী। শুধু নাচ দেখেই ক্ষান্ত নেই, স্টেজে নিজেও নাচছেনও।
শুটিং সেটের নানান আপটেড নিয়মিতই ইনস্টাগ্রামে শেয়ার করেন নায়িকা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের মতে, রবিবার (২৭ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় ভক্তদের যেমন খুশি প্রশ্ন করবার সুযোগ দিয়েছিলেন এ অভিনেত্রী। সেখানেই তাঁর কাছে একজন জানতে চান, ‘তুমি প্রেগন্যান্ট কিন্তু ডান্স বাংলা ডান্স শুট করছো, কোনও প্রবলেম হয় না?'
এমন প্রশ্নে সপাটে জবাব দিয়েছেন শুভশ্রী। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নায়িকা বলেন, ‘সৃষ্টিকর্তার দয়ায় আমি একদম ঠিক আছি। আর মনে রাখবেন, প্রেগন্যান্সি কোনও অসুস্থতা নয়’।
অন্তঃসত্ত্বা হওয়ার কারণে বড় একটি ছবি হাতছাড়া হয়েছে শুভশ্রীর। সৃজিত মুখার্জির পরিচালনায় ‘দশম অবতার’-এ কাজ করার কথা ছিল তার। সেখানে যুক্ত হয়েছেন জয়া আহসান।
যদিও এর জন্য কোনও আফসোস নেই নায়িকার। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, ‘আমি চেয়েছিলাম ছবিটা করতে, কিন্তু সৃজিত কনফিডেন্ট ছিলেন না। ওঁর সিদ্ধান্তকে সম্মান জানাতেই হত’।
রাজ ও শুভশ্রী দম্পতির প্রথম সন্তান ইউভান। তিন বছর হলে তাঁর খেলার সঙ্গী আনার পরিকল্পনা আগেভাগেই সেরে রেখেছিলেন রাজ-শ্রী'। জানা যায়, আগামী ডিসেম্বরে ভূমিষ্ঠ হবে খুদে।