ব্র্যাক ও ইস্ট-ওয়েস্ট শিক্ষার্থীদের সড়ক অবরোধের চেষ্টা, পুলিশের বাধা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধের চেষ্টা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে যান তাঁরা। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টার কিছু সময় পর বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশও বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থান নেয়। সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধের চেষ্টা করলে বাঁধা দেয় পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এরপর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। 

তবে এসব ঘটনার পর মেরুল বাড্ডা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে বেশ কয়েকটি দোকানপাট, স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে।

এদিকে, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সড়ক অবরোধের জন্য তাঁদের ক্যাম্পাসে জড়ো হচ্ছে বলে জানা গেছে। 

দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউনকে’ কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে গতকাল রাতেই মোতায়েন করা হয়েছে ১৬ প্লাটুন আনসার সদস্য।

আরও পড়ুন: