সাকিব আল হাসান মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে এই সংস্করণ থেকে অবসরে যেতে চেয়েছিলেন। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের নাম হত্যা মামলায় জড়িয়ে যাওয়া এবং তিনি দেশে এলে জনরোষের মুখে পড়ার শঙ্কা থাকায় সাকিব মিরপুরে খেলার সুযোগ পাবেন কি না, সে নিয়ে আলোচনা ছিল অনেক।
এর মধ্যে গতকালই সাকিবকে দলে রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তখন শোনা গিয়েছিল, আজই দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। কিন্তু গতকাল রাতেই আবার খবর আসে, দুবাই পর্যন্ত পৌঁছানোর পর সাকিব জানতে পেরেছেন, নিরাপত্তাশঙ্কায় তাঁকে দেশে না ফিরতে পরামর্শ দেওয়া হয়েছে। সাকিব আপাতত দেশে না আসার সিদ্ধান্ত নিয়েছেন।
কিন্তু সাকিবের দেশে আসা বন্ধ হওয়ার পর এবার সাকিবকে বাংলাদেশের জার্সিতেই আর না রাখার নির্দেশনা দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের উদ্দেশে স্মারকলিপি দিয়েছে ‘মিরপুরের ছাত্রজনতা’ পরিচয় দেওয়া একটি গোষ্ঠী।
চিঠিতে কারও স্বাক্ষর বা নাম নেই, প্রেরকের ঘরে শুধু ‘মিরপুরের ছাত্রজনতা’ লেখা। তারা বিসিবি প্রধানকে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাহাত্ম্য মনে করিয়ে দিয়ে লিখেছে, ‘গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে সকল জায়গায় যে পরিবর্তন হয়েছে তার অংশ আপনি নিজে। যদি এই গণঅভ্যুত্থান না হতো তাহলে আপনি বিসিবি প্রধান হতেন না। তাই আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিত ফ্যাসিবাদ নির্মূল করে নিজের প্রতিষ্ঠানটি পরিচালনা করা।’
‘ফ্যাসিবাদ নির্মূলে’র অংশ হিসেবেই সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিতে দেখতে চান ‘মিরপুরের ছাত্রজনতা’ পরিচয় দেওয়া ওই গোষ্ঠী। সাকিবকে ‘ভোটচোর এমপি’ আখ্যায়িত করে তারা বিসিবি প্রধানের উদ্দেশে লিখেছে, ‘আপনি পারেন না বাংলাদেশের জার্সি একজন ভোটচোর এমপির গায়ে জড়িয়ে দিতে। এই কাজের মাধ্যমে আপনি কেবলমাত্র পতিত স্বৈরাচারের মন্ত্রী ও সাবেক বিসিবি প্রধান (নাজমুল হাসান) পাপনের প্রতিজ্ঞা পূরণ করতে যাচ্ছেন।’
মিরপুরের মাটিতে খেলে সাকিব বিদায় নেবেন - নাজমুল হাসান এমনটি বলেছিলেন জানিয়ে স্মারকলিপিতে সাকিবকে তীর্যক আরও অনেক উপমা দেওয়া হয়েছে। ‘পাপন কথা দিয়েছিলো যে সে সাকিবকে মিরপুরের মাটিতে বিদায় দিবে। আপনিও ঠিক একই কাজটা করতে যাচ্ছেন। সাকিবকে বাংলাদেশের জার্সি গায়ে খেলতে দেওয়ার মাধ্যমে আপনি একজন ভোটচোর, হাসিনার দালাল, দুর্নীতিবাজ, শেয়ার বাজার কেলেঙ্কারির অপরাধী, জুয়ার দালালের শারীরে আমাদের প্রিয় মাতৃভূমির জার্সি তুলে দিচ্ছেন।’
আন্দোলনের সময়ে মিরপুরে নিহতদের কথা স্মরণে রেখেই সাকিবকে মিরপুরে খেলতে দেওয়া উচিত নয় বলে চিঠিতে লিখেছে ওই গোষ্ঠী, ‘…তাই আমরা আপনাকে হুশিয়ারি দিচ্ছি এই বলে যে আপনি যেনো অতিদ্রুত এই ফ্যাসিবাদের দালাল সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ দেন এবং সাকিবের অপকর্মের ব্যাপারে ব্যবস্থা নিতে আপনার জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা প্রত্যাশা করি। আমাদের চাওয়া আপনিও যেনো আমাদের নতুন বাংলাদেশ বিনির্মানের অংশ হয়ে উঠেন।’
তেমনটা না করা হলে তাঁদের কর্মসূচি আরও কঠোর হবে বলেও হুমকি দেওয়া হয়েছে স্মারকলিপিতে। খেলার দিন মিরপুরে তাদের কঠোর কর্মসূচির কারণে কোনো অরাজকতা তৈরি হলে, সে কারণে বিদেশি দলগুলো বাংলাদেশে খেলতে না এলে বা আইসিসির দিক থেকে বাংলাদেশকে নিষেধাজ্ঞা বা এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে সেক্ষেত্রে তাঁরা নন, বিসিবি প্রধানই দায়ী থাকবেন বলে স্মারকলিপিতে লেখা হয়েছে।