বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রভাব পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি তথা সার্ধশতবর্ষের উদযাপন অনুষ্ঠানে। আয়োজনটি পূর্ব নির্ধারিত হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনের দিনে হওয়ায় জমেনি অনুষ্ঠান। উপস্থিতি নেমে এসেছে অর্ধেকে। আসেননি অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
আজ বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর বোর্ডিং মাঠ নামে পরিচিত অন্নদা স্কুল খেলার মাঠে এই অনুষ্ঠান শুরু হয়। অ্যালামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স-স্টুডেন্ট সোসাইটি (আবেশ) এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন ব্যাচের ৩৩'শ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন। রেজিস্ট্রেশন ফি ছিল জনপ্রতি ২ হাজার টাকা। কিন্তু আজ অনুষ্ঠানে উপস্থিত দেখা গেছে নিবন্ধিতদের অর্ধেকের কিছু বেশি।
প্রধান অতিথি না আসায় অনুষ্ঠান শুরুতেই হোঁচট খায়। এছাড়া অন্য কোনো অতিথিও ছিলেন না। আয়োজনও অংশগ্রহণকারীদের আকৃষ্ট করতে পারেনি। বিশৃঙ্খলা ছিলো চোখে পড়ার মতো। সকালে দেওয়া নাস্তার মান নিয়েও প্রশ্ন ওঠে। ঢাকা থেকে একদিন আগেই প্যাকেটজাত নাস্তা নিয়ে আসা হয়।
প্রধান অতিথি না আসার বিষয়ে অনুষ্ঠানের উপস্থাপক ড. তৌফিকুল ইসলাম মিথিল বলেন,'অনিবার্য কারণবশত প্রধান অতিথি আসতে পারেননি। সেজন্য তিনি অপারগতা ও দুঃখ প্রকাশ করেছেন।'
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
অনুষ্ঠানসূচিতে সকাল পৌনে ১০টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত উদ্ধোধনী অনুষ্ঠান, ডিসপ্লে ও র্যালি হওয়ার কথা বলা হয়। কিন্তু তা শুরু হয় পৌনে ১১টায়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। কিন্তু অন্য সম্প্রদায়ের ধর্মগ্রন্থ পাঠ না থাকায় প্রতিক্রিয়া দেখা দেয়। আয়োজক আবেশ সংগঠনের কর্মকর্তারা অনুষ্ঠান উদ্ধোধন করেন।
অনুষ্ঠানের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স-স্টুডেন্ট সোসাইটির(আবেশ) সাধারণ সম্পাদক জাহিদুল হক জাহিদ বলেন, 'প্রধান অতিথি অসুস্থ থাকায় আসেননি। ঢাকায় তারেক রহমানের মুভমেন্ট আছে, এজন্য আবার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এটাতো হতেই পারে। তারপরও ভালো অনুষ্ঠান হওয়ার আশা করছি।'
আবেশের উপ-প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক শাহাদাত হোসেন বলেন, 'এক বছর আগে দেড়শো বছর পূর্তি পালন করার সিদ্ধান্ত হয়। আর মাস দুয়েক আগে তারিখ ঠিক করা হয়। নিবন্ধিতদের মধ্যে বয়স্ক যারা তারা সকালে আসেননি। দুপুরে আসবেন।'



