ঝড়ে রেল লাইনে গাছ পড়ে ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন নোয়াখালী ষ্টেশন ছাড়তে দুই ঘণ্টা দেরি হয়েছে। সোমবার দিনগত মধ্যরাতের ঝড়ে বিভিন্ন স্থানে রেললাইনে গাছ উপড়ে পড়ায় এ দেরি হয়।
রেলের নোয়াখালী স্টেশন মাস্টার আসাদুজ্জামান বলেন, ‘ঝড়ে বিভিন্ন স্থানে রেললাইনে গাছ উপড়ে পড়ে। যার কারণে ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন সকাল ৬টায় নোয়াখালী স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও ৭টা ৪০ মিনিটে ছাড়তে হয়।’
এর আগে, মাইজদী কোর্ট স্টেশনের যাওয়ার পথে হরিনারায়নপুর স্টেশনের কাছে পড়ে থাকা গাছ ফায়ার সার্ভিসের কর্মীরা অপসারণের মধ্য দিয়ে ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে পৌঁছানোর ব্যবস্থা করে। পরে ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে পৌঁছে সকাল ৮টা ২৩ মিনিট পর্যন্ত আটকে থাকে। এরমধ্যে মাইজদী ইমামবাজার সংলগ্ন রেল লাইনের উপর থেকে গাছ অপসারণের ট্রেনটি চৌমুহনী রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।
ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেসের লোকোমাস্টার রফিকুল ইসলাম বলেন, ‘ট্রেনটি ৮টা ৪০ মিনিটে চৌমুহনী স্টেশনে পৌঁছে। সেখান থেকে ৪ মিনিট পর লাকসামের উদ্দ্যেশে ছেড়ে যায়।’
এদিকে, অনাকাঙ্ক্ষিতভাবে ট্রেনের এমন দেরির খবরে অনেক যাত্রী গন্তব্যে পৌঁছতে বিকল্প পথ খুঁজে নেন।



